২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিইভের কাছে ‍যুদ্ধে ইউক্রেইন বাহিনীর অগ্রগতি হচ্ছে: ‍যুক্তরাজ্য

ইউক্রেইনের রাজধানী কিইভ দখলের চেষ্টায় থাকা রুশ সেনাদের পিছু হটিয়ে দিয়ে ইউক্রেইনীয় বাহিনী লড়াইয়ে অগ্রগতি অর্জন করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Mar 2022, 07:33 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

কিইভের ৩৫ কিলোমিটার পূর্বের কয়েকটি শহর ইউক্রেইন বাহিনী পুনর্দখল করে নিচ্ছে বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এটিই এখন পর্যন্ত ইউক্রেইন যুদ্ধের গতিপ্রকৃতি বদলে যাওয়ার জোরাল আভাস।

কিইভের পূর্বে এক শহরতলীর মেয়র বলেছেন, ইউক্রেইনের সেনারা কাছেই একটি গ্রাম পুনর্দখল করেছে এবং কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক এখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, যাতে তাদেরকে রুশ সেনাদের ওপর ইউক্রেইনীয় বাহিনীর পাল্টা হামলার মুখে না পড়তে হয়।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসানের এক মাস হয়ে গেল, রুশ সেনারা এখনও ইউক্রেইনের প্রধান কোনও শহর দখল করতে পারেনি।

পশ্চিমা দেশগুলোর ধারণা, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের উদ্দেশ্য হচ্ছে, দ্রুতই প্রেসিডেন্ট জেলেনস্কি সরকারের পতন ঘটানো। কিন্তু ইউক্রেইন বাহিনী রুশ সেনাদেরকে রাজধানী কিইভের প্রবেশদ্বারেই ঠেকিয়ে রেখেছে।

রাশিয়ার সেনারা কেবল ইউক্রেইনে বিভিন্ন শহরে বোমা হামলা চালাচ্ছে, ঘেরাও করছে এবং শহর অবরুদ্ধ করে রাখছে।

রাজধানী উত্তর-পূর্ব এবং পূর্ব দিক থেকে রাশিয়ার সাঁজোয়া বহর কয়েক সপ্তাহ ধরে যে হুমকি সৃষ্টি করেছিল সেই বহরসহ কিইভের কাছে অবস্থান করা যোদ্ধা বাহিনীও থমকে আছে।

তবে শুক্রবার পাওয়া সর্বসাম্প্রতিক গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্য বলেছে, কিইভের পূর্বদিকে ইউক্রেইন বাহিনীর পাল্টা হামলায় রাশিয়ার সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।

ইউক্রেইনের পাল্টা হামলায় রুশ বাহিনীর এই পরাজয়ের মুখে ইউক্রেইন বাহিনী কিইভের ৩৫ কিলোমিটার পূর্বে কয়েকটি শহরসহ তাদের প্রতিরক্ষামূলক অবস্থানগুলো ফিরে পেয়েছে।

কিইভের পূর্বাঞ্চলীয় শহরতলী বরিসপোলের মেয়র ভলোদিমির বরিশেঙ্কো বলেছেন, এলাকা ছেড়ে চলে গেছে ২০ হাজার বাসিন্দা। কর্তৃপক্ষ থেকে ফোনে তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, যাতে ইউক্রেইনের সেনারা সেখান থেকে রুশ সেনাদেরকে আরও পেছনে হটিয়ে দিতে পারে।

বরিশেঙ্কো বলেন, ইউক্রেইনের সেনারা আগের দিনই রুশ সেনাদের কাছ থেকে বোরিসপোল এবং ব্রোভারির মাঝামাঝি একটি গ্রাম দখল করে নিয়েছে। এরপর তারা আরও সামনে এগুতে মনস্থির করেছিল। কিন্তু সাধারণ নাগরিকদের বিপদের কথা চিন্তা করে তারা আর অভিযান চালায়নি।

কিইভের বাইরে উত্তর-পূর্বের আরেকটি প্রধান সম্মুখলাইনে ইউক্রেইনের সেনারা সংলগ্ন শহরতলী ইরপিনে রুশ সেনাদের ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে।