২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ: থাইল্যান্ডের দ্বীপে আটকা পড়া রুশ পর্যটকরা বিপদে

নিষেধাজ্ঞার কারণে একের পর এক এয়ারলাইন্স রাশিয়াগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। একই কারণে থাইল্যান্ডে আটকা পড়া রুশ পর্যটকরা ব্যাংক বা এটিএম মেশিন থেকে ‍অর্থ উত্তলন করতে পারছেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 09:02 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

ইউক্রেইন যুদ্ধ কবে থামবে, রাশিয়ার উপর থেকে কবে উঠবে নিষেধাজ্ঞা, আদৌ নিষেধাজ্ঞা উঠবে কিনা, কবে বাড়ি ফিরতে পারবেন? কিছুই জানা নেই থাইল্যান্ডের ফুকেট দ্বীপে বেড়াতে যাওয়া এই পর্যটকদের।

সামনে অনিশ্চিত ভবিষ্যত, প্রতিদিন গভীর মনযোগে খবরে চোখ রেখে বুঝতে চাইছেন পরিস্থিতি। অথচ অজানা শঙ্কায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না তাদের বেশিরভাগই।

থাইল্যান্ডের দ্বীপে আটকা পড়া রুশ পর্যটকদের অবস্থা জানতে বিবিসি তদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু তারা কথা বলতে রাজি হননি। শেষ পর্যন্ত এক রুশ দম্পতি নাম প্রকাশ না করার শর্তে বিবিসি-র সঙ্গে কথা বলেন।

২০২০ সালে কোভিড মহামারী যখন দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল, তখন অন্য অনেক দেশের মত থাইল্যান্ডও বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়। সম্পূর্ণরূপে পর্যটন নির্ভর ফুকেট দ্বীপে প্রায় এক লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে।

৫০ কিলোমিটারেরও কম আয়তনের এই দ্বীপটি বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অবকাশ যাপনের জন্য দারুণ জনপ্রিয়। তাইতো করোনাভাইরাস মহামারীর আগে প্রতিবছর গড়ে প্রায় ৭০ লাখ বিদেশি পর্যটক দ্বীপটি ভ্রমণে আসতেন।

এক বছরের বেশি সময় পর কোভিড যখন বেশ খানিকটা নিয়েন্ত্রণে থাই সরকার পর্যটকদের জন্য দরজা খুলে দেয়। আবারও সরগরম হয়ে উঠতে থাকে ফুকেট। তবে পর্যটকদের ধরন কিছুটা পাল্টে যায়। আগে যেখানে চীন থেকে সবচেয়ে বেশি পর্যটক আসতেন, মহামারীর পর সেই জায়গা দখল করে নেন রুশ পর্যটকরা।

বিবিসি জানায়, গত ডিসেম্বরে প্রায় ১৭ হাজার রুশ পর্যটক ফুকেট ভ্রমণ করেন। ফলে ফুকেটের জনপ্রিয় সৈকত কাতা, কারন এবং পাটংয়ে সব সময় রুশ পর্যটক চোখে পড়তে শুরু করে। সৈকতের রেস্তোরাঁগুলো তাদের খাবারের মেন্যুতে নানা রুশ ডিশ যোগ করে।

কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্র্রাসন শুরু করলে রাতারাতি পরিস্থিতি পাল্টে যায়।

বিবিসি জানায়, থাইল্যান্ডে এখনও প্র্রায় সাত হাজার রুশ পর্যটক আটকা পড়ে আছেন। যাদের বেশিরভাগই ফুকেট দ্বীপে রয়েছেন। ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে ‍পারছেন না। তাদের জন্য অর্থ একটি বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে।

রাশিয়ার বিভিন্ন ব্যাংককের উপরও পশ্চিমারা নিষেধাজ্ঞা আারোপ করায় তারা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না। এমনকি ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারছেন না।

নাম প্রকাশ না করা ওই দম্পতি বিবিসি-কে বলেন, রাশিয়া যেদিন ইউক্রেইন আক্রমণ করে, সেদিনই তারা থাইল্যান্ডে যান। এখন তারা যতদিন টাকা হাতে থাকবে ততদিন থাইল্যান্ডেই থেকে যাওয়ার চেষ্টা করছেন। তারা রাশিয়ার আগ্রাসন নিয়ে আতঙ্কে ভুগছেন।

তারা বলেন, ‘‘আমরা একটার পর একটা ব্যাংক এবং এটিএম বুথে যাচ্ছি। ১০ বারের মধ্যে নয়বারই আমাদের খালি হাতে ফিরতে হচ্ছে। তারপরও আমরা কিছু অর্থ তুলতে পেরেছি।

‘‘সেখানে ওয়েস্টার্ন ইউনিয়ন ও ক্রিপ্টোকারেন্সির মত অর্থ পাওয়ার বিকল্প কিছু উপায় আছে। কিন্তু সেগুলোও প্রতিদিনই একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। কাল যেখানে পাচ্ছি, আজ সেটা বন্ধ।”

Image
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইউক্রেইনীয় পর্যটকরা কী করছেন?

শুধু রাশিয়ার নাগরিকই নয়, ইউক্রেইনের বেশ কয়েকজন পর্যটকও থাইল্যান্ডে আটকা পড়েছেন। তাদের মধ্যে অ্যান্টন এবং আলিনাও আছেন। সৈকতের পাশে একটি হোটেলে তারা থাকছেন।

ওই হোটেলে অস্থায়ী ইমিগ্রেশন অফিস বানিয়ে যারা থাইল্যান্ড ছাড়তে পারছেন না তাদের ভিসার মেয়াদ বাড়ানোর কাজ চলছে।

ডিসেম্বর থেকেই ফুকেটে যাচ্ছেন ইউক্রেইনের নাগরিকরা। যাদের মার্চের মাঝামাঝিতে কিইভ চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তাদের ফ্লাইট বাতিল হয়ে গেছে। তাদের পরিবারও চাইছে, যতদিন সম্ভব তারা বিদেশে নিরাপদ কোনও জায়গায় থাকুক।

বিবিসি-কে আলিনা বলেন, ‘‘আমরা এখানে শান্তি পাচ্ছি না। সমুদ্রে সাঁতার কাটার মাঝেও আনন্দ খুঁজে পাচ্ছি না। প্রতিদিন খবর দেখছি বা পড়ছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের পরিবারকে সাহায্য করার জন্য সেখানে ফিরে যেতেও পারছি না।”

আলিনা ‍জানান, তার পরিবার কিইভের অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আছে। কিন্তু সেখান থেকেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যাচ্ছে।

আট বছর আগে আলিনার পরিবার দোনেৎস্কে থাকত। ২০১৪ সালে সেখানে যুদ্ধ শুরু হলে তারা নিজেদের শহর ছেড়ে কিইভ চলে যায়। নতুন করে যুদ্ধ তাদের পুরাতন সেই স্মৃতিকে ফিরিয়ে এনেছে।

অ্যান্টন জানান, তার পরিবার কিইভ ছেড়ে হাঙ্গেরি সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিলে সীমান্ত পেরিয়ে যাবে।

অশ্রুসিক্ত চোখে বিবিসি-র সঙ্গে কথা বলতে আসা ইউলিয়া জানান, তার বাড়ি কিইভের কাছে ইরপিনে। রুশ হামলায় ইউক্রেইনের ছোট্ট এ শহরটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। ‌ইউলিয়া জানান, তার পরিবার কিইভ চলে গেছে। তিনি আর কিছু বলতে পারেননি।

আটকে পড়া ইউক্রেইনীয়দের জন্য ভিসার মেয়াদ ৯০ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু তাদের কেউ কেউ তার আগেই অর্থ ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ী এবং কর্মকর্তারা আটকে পড়া এই পর্যটকদের সহায়তার উপায় খুঁজছেন। থাইল্যান্ডে অবস্থিত ইউক্রেইন দূতাবাস জানায়, তারা থাই নাগরিকদের কাছ থেকে শতাধিক প্রস্তাব পেয়েছেন। যেখানে তারা ইউক্রেইনীয় পর্যটকদের বিনা খরচে তাদের বাড়িতে রাখতে চেয়েছেন।

থাই সরকার আটকে পড়া রুশ পর্যটক যাদের অর্থ ফুরিয়ে গেছে তাদের জন্যও একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।