ইউক্রেইনের জন্য ‘তুরস্কের কাছে এস-৪০০ চাইছে’ যুক্তরাষ্ট্র
তুরস্ক তাদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেইনকে দিতে পারবে কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিক পর্যায়ে কথা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি সম্বন্ধে অবগত তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটন গত ২৪ ফেব্রুয়ারি রুশ ‘সর্বাত্মক হামলা’ শুরু হওয়ার পর তা ঠেকাতে চেষ্টা চালিয়ে যাওয়া ইউক্রেইনে রাশিয়ার বানানো সামরিক সরঞ্জাম, এস-৩০০ ও এস-৪০০ এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠাতে মিত্রদের রাজি করাতে নানান উদ্যোগ নিচ্ছে।
তারই অংশ হিসেবে গত প্রায় এক মাস ধরে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে এস-৪০০ স্থানান্তর নিয়ে অলোচনা চলছে; তবে এখন পর্যন্ত এ নিয়ে সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি, জানিয়েছে সূত্রগুলো।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরের সময়েও এ আলোচনা উঠেছিল।
ইউক্রেইনকে সহায়তায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আর কী করতে পারে এবং কিভাবে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা যায়, তা নিয়ে শেরম্যান আর তুর্কি কর্মকর্তাদের মধ্যে বিস্তৃত আলোচনার ভেতর এস-৪০০ স্থানান্তরের বিষয়টিও স্থান পায়, বলছে সূত্রগুলো।
তবে বিশ্লেষকদের অনুমান, যুক্তরাষ্ট্র চাইলেও তুরস্ক রাশিয়ার বানানো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেইনকে দেবে না।
এই এস-৪০০ নিয়েই ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে দীর্ঘদিনের রেষারেষি দেখা গেছে।
২০১৯ সালের জুলাইয়ে যখন এর প্রথম চালান তুরস্কে যায়, যুক্তরাষ্ট্র তখনই আঙ্কারাকে রাশিয়ার বানানো এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করতে বলেছিল।
তুরস্ক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে হয়েছিল ওয়াশিংটনকে; তারা আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্প থেকেও বাদ দিয়ে দেয়।
মিত্ররা সন্তোষজনক শর্তে অস্ত্র না দেওয়ায় বাধ্য হয়েই রাশিয়ার বানানো সরঞ্জামের দিকে ঝুঁকতে হয়েছে বলে সেসময় বলেছিল তুরস্ক।
ইউক্রেইনে আঙ্কারার এস-৪০০ ব্যবস্থা সরবরাহে যুক্তরাষ্ট্রের চাওয়া বা প্রস্তাব নিয়ে তুরস্কের কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। তাৎক্ষণিকভাবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মন্তব্যও পাওয়া যায়নি।
তুরস্কের একাধিক সূত্র ও বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি এমন কোনো প্রস্তাব দেয়ও তাতে সাড়া দেওয়া সম্ভব হবে না।
এক্ষেত্রে যেসব বিষয়কে তারা প্রতিবন্ধকতা মনে করছেন তার মধ্যে ইউক্রেইনে এস-৪০০ বসানো ও তা পরিচালনার প্রযুক্তিগত জটিলতা যেমন আছে, তেমনি আছে মস্কোকে ক্ষেপিয়ে তোলার পরের প্রতিক্রিয়াজনিত ভয়ও।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন তুরস্ককে পুরোপুরি তাদের মুঠোয় নিতে চাইছেন; এজন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে ‘সৃজনশীল’ পথ বের করার চেষ্টাও চালাচ্ছেন। যদিও সুনির্দিষ্ট কোনো প্রস্তাব এখনও দৃশ্যমান হয়নি, বলেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সূত্রগুলো।
“আমার মনে হয় এস-৪০০ যে দীর্ঘদিন ধরে চলে আসা একটি ইস্যু, তা সবাই জানে এবং সম্ভবত এটাই সেই মুহূর্ত যখন আমরা নতুন একটি পথে এই সমস্যার সমাধান করতে পারি,” তুর্কি সম্প্রচারমাধ্যম হাবেরতার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ৫ মার্চ এমনটাই বলেছিলেন শেরম্যান।
তিনি এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাব পাওয়া যায়নি।
উপপররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক সফরের সময় ইউক্রেইনে এস-৪০০ পাঠাতে আঙ্কারাকে বলা হয়েছিল কিনা, এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মন্তব্য চাওয়া হয়েছিল, তাদেরও সাড়া মেলেনি।
