পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য যুদ্ধ করছে: ল্যাভরভ
পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য যুদ্ধ চলাচ্ছে, যার মধ্যে তথ্য সন্ত্রাসও রয়েছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ।
রাশিয়ার সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল আরটি টিভিতে শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন ল্যাভরভ।
তিনি বলেন, ‘‘যখন গণবিক্ষোভ, আন্দোলন বা এখন কিছু ঘটে যেটা তারা (পশ্চিমারা) পছন্দ করে না, তারা সঙ্গে সঙ্গে সেটিকে অভ্যন্তরীণ সন্ত্রাস বলে ফেলে। এটা একটি যুদ্ধ, এটা একটি যুদ্ধ সেখানে তথ্য সন্ত্রাসের কৌশলও অবলম্বন করা হচ্ছে। সেখানে এটা হচ্ছে এবং এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।”
ল্যাভরভের মতে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মিডিয়া হাউজগুলো বিশ্বের তথ্য ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। রাশিয়া সেখানে একটি শালীন জায়গা দখল করে আছে।
‘‘ওইসব (পশ্চিমা) হাউজগুলো কি ধরনের তথ্য দিচ্ছে, সেগুলো কতটা মানসম্পন্ন সেটা অন্য বিষয়।
‘‘আমরা অনেক অনেক আগেই বুঝে গেছি, পশ্চিমা মিডিয়ায় স্বাধীনতা বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ফক্স নিউজ কিছুটা ব্যতিক্রম দিক থেকে সংবাদ উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যখন আপনি অন্যান্য চ্যানেলগুলো দেখবেন, যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের খবর পড়বেন, যখন দায়িত্বে থাকা প্রেসিডেন্টকে ব্লক করে রাখা হয়, তখন আপনি বুঝতে পারবেন কতটা বৃহৎ পর্যায়ে সেন্সরশিপ করা হচ্ছে।”
টিকটক বা এ ধরনের প্ল্যাটফর্ম নিয়ে ল্যাভরভ বলেন, এগুলোর মাধ্যমে ওয়াশিংটন সহজেই শিশুদের কাছে পৌঁছে যেতে পারে। কারণ, অল্প বয়সের ছেলে-মেয়েরা এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে।
‘‘আমরা বিশ্বাস, এগুলো বাকি জীবনের জন্য তাদের ব্রেনওয়াশ করে ফেলার একটি উদ্যোগ। এটা অশালীন এবং অন্যায়। যদি আপনি তথ্য দিয়ে প্রতিযোগিতায় নামতে চান, যদি আপনি মিডিয়া হাউজগুলোর মধ্যে প্রতিযোগিতা চান তবে সেখানে অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে।”
