মারিউপোলের কেন্দ্রে রুশ সেনা, চলছে গুলির লড়াই: মেয়র
ইউক্রেইনের মারিউপোলে লড়াই নগরীর কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। সেখানে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন মারিউপোলের মেয়র ভাদিম বইশেঙ্কো।
এর মধ্য দিয়ে রুশ সেনারা ‘শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে’ বলে রাশিয়া এর আগে যে খবর দিয়েছিল, সেটিই নিশ্চিত করলেন ভাদিম।
বিবিসি-কে মারিউপোলের এই মেয়র বলেছেন, “আজ লড়াই সত্যিই খুব তুমুল। ট্যাংক এবং মেশিনগানের গোলাগুলি চলছে। প্রত্যেকেই বাঙ্কারে লুকিয়ে আছে।”
হামলায় নগরীর ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন হয় ধ্বংস নয়ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ৩০ শতাংশই আর পুনরুদ্ধার করার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন তিনি।
“নগরীর কোনও জায়গা আর বাদ নেই। নগরীতে এতটুকু জায়গাও কোথাও নেই যেখানে যুদ্ধের চিহ্ন নেই”, বলেন ভাদিম।
তিনি জানান, মারিওপোলের যে নাট্যশালায় রুশ বাহিনী বোমাবর্ষণ করেছিল তার ধ্বংসস্তূপ থেকে বেসামরিকদের বের করে আনার কাজ এখনও চলছে। তবে লড়াইয়ের কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
রাশিয়ার ধারাবাহিক হামলার মুখে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরী মারিওপোলের পতন হতে পারে বলে এর আগে ধারণা প্রকাশ করেছিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছিল, মারিওপোলের আবাসিক এলাকায় হামলা বাড়তে থাকায় এটি শহরটিকে আত্মসমর্পণ বা চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরেই মারিউপোল রুশ অবরোধের মুখে পর্যুদস্ত। এর মধে্যই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় দাবি করেছিল, তারা নগরীটিকে আরও বেশি মুঠোর মধ্যে নিয়ে আসছে এবং নগরীর কেন্দ্রস্থলে লড়াই চলছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রিয়া নভোস্তি বার্তা সংস্থা জানায়, রুশ বাহিনীর সমর্থন নিয়ে বিচ্ছিন্নতাবাদীরা মারিউপাোলে ইউক্রেনীয় বাহিনীর চাপ আরও বাড়িয়েছে।
