২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে যৌথ মঙ্গল প্রকল্প স্থগিত করল ইউরোপের মহাকাশ সংস্থা

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) মঙ্গলগ্রহ নিয়ে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের সঙ্গে যৌথভাবে যে কাজ করে আসছে তা স্থগিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 11:16 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

বিবিসি জানায়, ইএসএ তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, এক্সোমার্স রোভার মিশন নিয়ে রসকসমসের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব।

এই মিশনের লক্ষ্য ছিল মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠ নিয়ে আরও গবেষণা চালানো। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেইন পরিস্থিতির জবাবে ইএসএ রুলিং কাউন্সিল সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

“আমরা ইউক্রেইনে (রাশিয়ার) আগ্রাসনের মর্মান্তিক পরিণতি এবং মানুষ হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

 “মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধান কাজে যে ক্ষতিকর প্রভাব পড়বে সেটি স্বীকার করে নিলেও ইএসএ রাশিয়ার ওপর সদস্য রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞার আরোপের ব্যাপারে পুরোপুরি একাত্ম”, বলা হয় বিবৃতিতে।

যুক্তরাজ্যের তৈরি রোজালিন্ড ফ্রাঙ্কলিন মার্স রোভার এবছর সেপ্টেম্বরেই রাশিয়ার একটি রকেটে করে উৎক্ষেপণ করার কথা ছিল এবং আটমাস পর সেটি মঙ্গলে অবতরণের কথা ছিল রাশিয়ার হার্ডঅ্যয়ার ব্যবহার করেই।

গতমাসেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলেছিল, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বৃহত্তর প্রেক্ষাপট এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞার কারণে এই মিশনের ভবিষ্যৎ বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।