২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত, দাবি জেলেনস্কির

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, লড়াইয়ের মধ্যে রাশিয়ার আরেক জেনারেল নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 04:05 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

জেলেনস্কি ওই রুশ সামরিক কর্মকর্তার নাম না বললেও ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা জানিয়েছেন, চরম ডানপন্থি আজভ ব্যাটেলিয়নের হামলায় রাশিয়ার সেনাবাহিনীর মেজর জেনারেল ওলেগ মিতায়েভ নিহত হয়েছেন।

ইউক্রেইনের গণমাধ্যম জানিয়েছে, জেনারেল মিতায়েভ মারিওপোলের কাছে নিহত হয়েছেন।

এ নিয়ে যুদ্ধক্ষেত্রে চতুর্থ রুশ জেনারেল নিহত হওয়ার দাবি জানালো ইউক্রেইন। এর ফলে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক সদস্যরা কেন যুদ্ধক্ষেত্রের এতো কাছে অবস্থান করছেন, এই নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্লেষকদের বিশ্বাস, প্রায় ২০ জন জেনারেল ইউক্রেইনে রাশিয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এর অর্থ যদি দাবি করা মৃত্যুর খবরগুলো সঠিক হয়, তাহলে ইতোমধ্যেই এক পঞ্চমাংশ রুশ জেনারেল যুদ্ধে নিহত হয়েছেন।

কিছু যুদ্ধ বিশেষজ্ঞের বিশ্বাস, ওই জেনারেলরা ভুল সময় ভুল জায়গায় ছিলেন বিষয়টা হয়তো এতো সরল না, সম্ভবত ইউক্রেইনীয়রা শীর্ষ রুশ কর্মকর্তাদের টার্গেট করে হত্যা করছে।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রিতা কোনায়েভ বিবিসিকে বলেন, “আমি এটিকে কোনো দুর্ঘটনা বলে মনে করি না। দুর্ঘটনা একজনের ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু এতোজনের ক্ষেত্রে এটা টার্গেট করে হত্যা।”

প্রেসিডেন্ট জেলেনস্কির ইনার সার্কেলের এক ব্যক্তি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, রাশিয়ার কর্মকর্তাদের টার্গেট করার জন্য ইউক্রেইনের একটি সামরিক গোয়েন্দা টিম নিবেদিত আছে।

“তারা উচ্চ পদস্থ জেনারেল, পাইলট, আর্টিলারি কমান্ডারদের খোঁজে থাকে,” মার্কিন সংবাদপত্রটিকে এমনটিই বলেছেন ওই ব্যক্তি।

কোনায়েভের ভাষ্যমতে, ইউক্রেইনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কম হওয়ায় তারা সম্ভবত উচ্চ পদস্থ রুশ কর্মকর্তাদের টার্গেট করছে, এটা তাদের তথ্য যুদ্ধের্ গুরুত্বপূর্ণ একটি অংশ হতে পারে।

নির্দিষ্ট রুশ কর্মকর্তাদের টার্গেট করতে তারা কোথায় আছে তা ইউক্রেইনীয়দের জানা দরকার। বিশ্লেষকরা বলছেন, রুশরা যোগাযোগের জন্য হয়তো উন্মুক্ত চ্যানেল ব্যবহার করছে, সেখান থেকেই সম্ভবত নির্দিষ্ট টার্গেট কোথায় আছে তার খোঁজ পাওয়া যাচ্ছে।

পোল্যান্ডের রোশং কনসাল্টিংয়ের প্রতিরক্ষা বিশ্লেষক কনরাড মুজিকা বিবিসিকে বলেছেন, “জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে রুশরা যদি মোবাইল ফোন বা অ্যানালগ রেডিও ব্যবহার করে তবে ইউক্রেইনীয়রা তাদের পাতে সবকিছুই পাচ্ছে।”

রাশিয়ার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ভিতালি গেরাসিমভের কথিত মৃত্যুর পর ইউক্রেইনীয়রা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করে। তাতে রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা তাদের জেনারেলদের মৃত্যু নিয়ে কথা বলছে, এমন ধারণা দেওয়া হয়েছে। ওই কথোপকথনে কথিত ওই কর্মকর্তারা তাদের সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্ক কাজ করছে না, এমন অভিযোগ করেছেন।