২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিইভে জারি হচ্ছে কারফিউ, ‘সময়টা বিপজ্জনক’, বললেন মেয়র

ইউক্রেইনের রাজধানী কিইভের আবাসিক ভবনগুলোতে রাশিয়ার সেনাদের তুমুল গোলাবর্ষণের পর নগরীতে ৩৫ ঘণ্টার কারফিউ জারির ঘোষণা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 06:41 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

সতর্র্ক করে দিয়ে তিনি বলেছেন, “আজ আমরা এক কঠিন এবং বিপজ্জনক মুহূর্তে উপস্থিত হয়েছি।”

বিবিসি জানায়, কিইভে কারফিউ শুরু হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮ টা থেকে (১৮.০০ জিএমটি) এবং চলবে বৃহস্পতিবার সকাল ৭ টা (০৫.০০ জিএমটি) পর্যন্ত।

এই সময়ে বিশেষ অনুমতি ছাড়া কারও চলাফেরা নিষিদ্ধ থাকবে। তবে কেবল বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়া যাবে বলে জানিয়েছেন মেয়র ক্লিৎসকো।

তিনি বলেন, “রাজধানী (কিইভ) ইউক্রেইনের প্রাণকেন্দ্র। একে সুরক্ষিত রাখতে হবে। বর্তমানে এটি ইউরোপের স্বাধীনতা এবং নিরাপত্তার অগ্রভাগে থাকা কার্যকর একটি ঘাঁটি এবং প্রতীক। একে আমাদের হাতছাড়া করা যাবে না।”

“আজ আমরা এক কঠিন এবং বিপজ্জনক মুহূর্তে আছি। একারণে আমি কিইভের সব বাসিন্দাকে দুইদিনের জন্য ঘরে থাকতে বলছি। আর যদি সাইরেন বাজে তাহলে বোমা শেল্টারে যান।”

এর আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে লড়াইরত রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

তাছাড়া, যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় ‘ভালো অগ্রগতি হয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

পুরনো খবর:

কিইভের আবাসিক ভবনে তুমুল গোলাবর্ষণ, চলছে শান্তি আলোচনাও