কিইভের আবাসিক ভবনে তুমুল গোলাবর্ষণ, চলছে শান্তি আলোচনাও
ইউক্রেইনের রাজধানী কিইভের আবাসিক ভবনগুলোতে তুমুল প্রাণঘাতী গোলাবর্ষণ চলছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবন ভেঙে পড়ে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন কর্তৃপক্ষ।
এ পরিস্থিতির মধ্যেও কিছু আশা নিয়ে রাশিয়ার সঙ্গে চলছে ইউক্রেইনের শান্তি আলোচনা।
সোমবার ইউক্রেইন জানিয়েছে, যুদ্ধবিরতি, অবিলম্বে সেনা প্রত্যাহার এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে তারা রাশিয়ার সঙ্গে চতুর্থ দফায় ‘কঠিন’ আলোচনা শুরু করেছে।
রাশিয়া এবং ইউক্রেইনের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হওয়ায় আলোচনা চালানো কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেইনের পক্ষের আলোচক মিখাইলো পোডোলিয়াক।
কয়েক সপ্তাহের লড়াই অবসানের লক্ষ্য নিয়ে দুই পক্ষের প্রতিনিধিরা এই আলোচনা শুরু করেছে। ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র অগ্রগতির আভাস দিয়ে বলেছেন, ইউক্রেইন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে।
এর আগে দুই পক্ষে দফায় দফায় আরও আলোচনা হয়েছিল। তাতে কেবল ইউক্রেইনের বিভিন্ন শহ-নগরে মানবিক ত্রাণ কাজ চালানো এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতি করা নিয়ে সমঝোতা হয়েছিল। যদিও সেইসব যুদ্ধবিরতি বারবারই লঙ্ঘিত হয়েছে।
ছবি: রয়টার্স
ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিইভের কুরেনিভকা এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে একটি বাস ধ্বংস হয় এবং আরেকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। বাসে কোনও যাত্রী ছিল না। তবে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় এলাকার এক বাসিন্দা পরিস্থিতির বর্ণনায় বার্তা সংস্থা রয়টার্র্সকে বলেছেন, হামলার সময় তিনি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসেন এবং দেখতে পান সিঁড়িঘরটি আর নেই। সবখানে আগুন জ্বলছে।
রাশিয়া বরাবরই আবাসিক ভবনগুলোকে হামলার নিশানা বানানোর কথা অস্বীকার করে আসছে। তারা ইউক্রেইনে তাদের আগ্রাসনকে ‘বিশেষ অভিযান’ আখ্যা দিয়ে বলেছে, এর লক্ষ্য ইউক্রেইনকে সামরিকভাবে নিরস্ত্র করা। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটি ইউক্রেইনে যুদ্ধের জন্য রাশিয়ার একটি অজুহাত মাত্র।
রাশিয়া ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরু করলেও এখনও রাজধানী কিইভে ঢুকতে পারেনি। তারপরও এতদিনের যুদ্ধে রাশিয়ার ঘিরে ফেলা অন্যান্য ইউক্রেইনীয় শহরগুলোতে এ পর্যন্ত মারা গেছে হাজার হাজার মানুষ।
