২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে ‘আত্মসমর্পণের পরামর্শের’ খবর ইসরায়েলের অস্বীকার

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মস্কো সফরে পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনে ইউক্রেইনকে ‘রাশিয়ার দাবি মেনে নেওয়ার পরামার্শ দিয়েছেন’ বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Mar 2022, 07:20 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শুধু ইসরায়েল নয় ইউক্রেইনের একজন জ্যেষ্ঠ উপদেষ্টাও ওই খবর সঠিক নয় বলেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

আলোচনার মাধ্যমে ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে তিনি মস্কো যান। সেখান থেকে তিনি ফোনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেনা। ইউক্রেইন-রাশিয়া উভয় দেশের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক রয়েছে।

ইসরায়েলের ওয়ালা নিউজ ও দ্য জেরুজালেম পোস্ট এবং যুক্তরাষ্ট্রের নিউজ সাইট অ্যাক্সিওস নাম প্রকাশে ‍অনিচ্ছুক ইউক্রেইনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বেনেট ইউক্রেইনকে রাশিয়ার কথা মেনে নিতে অনুরোধ করেছেন।

ওই খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়ে এক টুইটে ইউক্রেইনের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ‘‘শর্তসাপেক্ষে মধ্যস্থতাকারী অন্যান্য দেশের মত ইসরায়েলও ইউক্রেইনকে রাশিয়ার কোনো দাবি মেনে নেওয়ার প্রস্তাব দিতে পারে না।

ইউক্রেইন যুদ্ধ নিয়ে ইসরায়েল-তুরস্কের কূটনৈতিক তৎপরতা  

‘‘সামরিক এবং রাজনৈতিক কারণে এটা অসম্ভব। বরং ইসরায়েল রাশিয়াকে পরিস্থিতি আরো যথাযথভাবে মূল্যায়নের অনুরোধ জানাতে পারে।”

বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই খবর সম্পূর্ণ মিথ্যা।

‘‘কোনো পয়েন্টেই প্রধানমন্ত্রী বেনেট প্রেসিডেন্ট জেলেনস্কিকে পুতিনের কোনো প্রস্তাব মেনে নেওয়া পরামর্শ দিতে পারেন না। কারণ, ইসরায়েলকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি যে আমরা সেটা মেনে নেওয়ার অনুরোধ করতে পারবো।”

‘‘জেলেনস্কি কী করবেন সেটা বেনেট কোনো ভাবেই বলতে পারেন না, তার এমন কিছু বলার ইচ্ছাও নেই।”