২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ নিয়ে ইসরায়েল-তুরস্কের কূটনৈতিক তৎপরতা

ইউক্রেইন সংকটে মধ্যস্থতা করার চেষ্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনবার কথা বলার পর শনিবার এক অনির্ধারিত সফরে রাশিয়ায় গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 10:01 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও রোববার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।

বিবিসি জানায়, তুরস্ক ইতোমধ্যেই রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে আলোচনার স্বাগতিক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে।

ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট এমন এক সময়ে পুতিনের সঙ্গে বৈঠক করলেন যখন ইউক্রেইন ঘিরে পশ্চিমাবিশ্ব এবং রাশিয়া মুখোমুখি অবস্থায় রয়েছে।

পশ্চিমা আশঙ্কাকে সত্যি প্রমাণ করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ বাহিনী দেশটির বড় বড় নগরীতে তীব্র হামলা চালাচ্ছে। যার প্রেক্ষিতে ওই সব নগরীতে ভায়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

ইউক্রেইন থেকে ১৫ ‍লাখের বেশি মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে এর আগে এত বড় শরণার্থী সংকট মোকাবেলা করতে হয়নি।

ইউক্রেইন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে উপনীত হতে ইউক্রেইন এবং রাশিয়ার প্রতিনিধিরা এরইমধ্যে দুই দফা বৈঠক করেছেন। কিন্তু তাদের বৈঠক থেকে উল্লেখ করার মত কোনও সিদ্ধান্ত এখনও আসেনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এর আগে ইউক্রেইন যুদ্ধ আটকাতে ছুটাছুটি করেছেন। তিনি আগ্রাসন শুরুর আগে এ নিয়ে কথা বলতে মস্কো সফরে যান এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলেন। আগ্রাসন শুরুর পরও তিনি টেলিফোনে পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

ফ্রান্সের তুলনায় ইসরায়েল অবশ্য এ ক্ষেত্রে কূটনৈতিকভাবে কিছুটা অনন্য অবস্থানে রয়েছে। অন্তত পশ্চিমাবিশ্ব, রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে বার্তা বহন করার ক্ষেত্রে। কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের গভীর মিত্রতার সম্পর্ক রয়েছে।

সিরিয়ায় রাশিয়ার অবস্থানকে নিরবে সমর্থন এবং সহযোগিতা করে গেছে ইসরায়েল। অন্যদিকে, ইউক্রেইনের সঙ্গে দেশটির সাংস্কৃতিক নানা বিষয়ে মেলবন্ধন রয়েছে।

বেনেট এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যেই একটি দারুণ মিল রয়েছে, সেটা হচ্ছে তারা দুইজনই ইহুদি। ইহুদিদের মধ্যে এই দুইজনই আছেন যারা কোনও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।

বেনেটের কার্যালয় থেকেও শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুতিনের সঙ্গে তার বৈঠকের বিষয়ে জানানো হয়। বলা হয়, দুই নেতা প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা করেছেন।

তবে আলোচনার ফলাফল সম্পর্কে এখনো কোনো পক্ষ থেকেই কোনও মন্তব্য পাওয়া যায়নি। বেনেটের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন বেনেট।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতেও ইসরায়েল সরকার রাশিয়া এবং ইউক্রেইন উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। জেলেনস্কি এর আগে বেনেটকে অনুরোধ করেছিলেন, তিনি যেন রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে চলমান সংকট নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নেন।

মস্কো থেকে শনিবার সন্ধ্যায়ই বেনেট বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানায় ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। সেখানে তার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে বৈঠক করার কথা।