পোল্যান্ডের যুদ্ধবিমান প্রস্তাব নেটোর জন্য ঝুঁকিপূর্ণ যে কারণে
যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় ইউক্রেইনকে পোল্যান্ডের ২০টি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।
পোল্যান্ডের এই প্রস্তাব কেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো জোটের জন্য ঝুঁকিপূর্ণ, তা বিশ্লেষণ করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মার্ক ওয়েলার; বিবিসির প্রতিবেদন অবলম্বনে তা তুলে ধরা হল।
এসব যুদ্ধবিমান ইউক্রেইনীয় পাইলটদের চালানোর কথা থাকলেও সেগুলোকে অস্ত্র সজ্জিত করা ও জ্বালানি ভরার কাজটি সম্ভবত জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের বিশাল বিমান ঘাঁটি রামস্টাইনে বা ইউক্রেইনের নিকটবর্তী কোনো নেটো জোটের সদস্য রাষ্ট্রে করতে হবে। তারা হয়তো গোপন ইলেকট্রনিক যুদ্ধের ও ট্যাকটিক্যাল টার্গেট সাপোর্ট উপকরণও পাবে।
সশস্ত্র হামলার শিকার হিসেবে ইউক্রেইন এখন আত্মরক্ষার অধিকারী। আইনত প্রতিরক্ষার জন্য তারা সামরিক সরবরাহ গ্রহণ করতে পারে। কিইভ তাদের পক্ষ হয়ে নেটোকে যুদ্ধে অংশগ্রহণের আমন্ত্রণও জানাতে পারে, যারা ইউক্রেইনের আকাশকে বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করে সেটি কার্যকরে ভূমিকা রাখতে পারে।
কিন্তু ইউক্রেইনে নিজেদের আক্রমণকে নেটোর সীমা লঙ্ঘনের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখে মস্কো। পাশাপাশি ইউক্রেইনের পূর্বাঞ্চলে জাতিগত রুশরা গণহত্যার হুমকির সম্মুখীন বলেও দাবি করে আসছে তারা। এই পরিস্থিতিতে সরাসরি বিদেশি হস্তক্ষেপ তাদের লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করতে যুদ্ধ ঘোষণার সামিল বলে বিবেচনা করতে পারে কোণঠাসা হয়ে পড়তে থাকা ক্রেমলিন।
পোল্যান্ডের দেওয়া মিগ যুদ্ধবিমানগুলো ‘যুদ্ধক্ষেত্রকে’ পশ্চিমদিকে নেটো রাষ্ট্রগুলো পর্যন্ত নিয়ে গেছে, এমন যুক্তি দেখাতে পারে মস্কো; আর তাতে ওই মিগগুলোকে যে সামরিক ঘাঁটিতে অস্ত্র সজ্জিত করা হবে তা পাল্টা হামলার লক্ষ্যস্থল হয়ে উঠতে পারে।
পশ্চিমা দেশগুলো ইউক্রেইনকে এ পর্যন্ত যেসব আত্মরক্ষামূলক অস্ত্র সরবরাহ করেছে তা এখন পর্যন্ত রাশিয়া সহ্য করেছে, কিন্তু যুদ্ধবিমান মোতায়েন সংঘাত বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে উঠবে। যদি এসব যুদ্ধবিমান ইউক্রেইনেই অবস্থান করে, তারপরও নেটোর দেওয়া অস্ত্র সংঘাতকে রাশিয়ার ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছে, এমন অভিযোগ তুলতে পারে মস্কো।
আর সেক্ষেত্রে ইউক্রেইনের যুদ্ধ আশপাশের দেশগুলোতে ছড়িয়ে নেটো-রাশিয়া যুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপট তৈরি করতে পারে।
