২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে রাশিয়ার নতুন প্রতীক হয়ে উঠেছে ‘জেড’

ফেব্রুয়ারির শেষ ভাগে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে, যেখানে দেখা যায় ট্যাংক, সামরিক ট্রাক আর রকেট লঞ্চারের গায়ে আঁকা রয়েছে ইংরেজি হরফ ‘জেড’; সেসব সামরিক সরঞ্জাম জড়ো হচ্ছে ইউক্রেইন সীমান্তের কাছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 04:01 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

ডিজিটাল দুনিয়ার অনুসন্ধানকারীরা ধারণা করার চেষ্টা করলেন, সিরিলিক অক্ষর বাদ দিয়ে রুশরা কেন রোমান হরফ ‘জেড’ ব্যবহার করছে, এটা থেকে মস্কোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত কি মিলতে পারে?

এই ‘জেড’ কীভাবে রাশিয়ার ইউক্রেইন যুদ্ধের প্রতীক হয়ে উঠল, তা তুলে ধরা হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ‘জেড’ দিয়ে ‘জা পোবেদি’ বোঝানো হতে পারে, রুশ ভাষায় যার অর্থ ‘জয়ের জন্য’। অথবা ‘জাপাদ’ বোঝানো হতে পারে, যার মানে ‘পশ্চিম’।

অনেকে এই প্রতীক আঁকা যানবাহনগুলোকে ‘জিরো স্কোয়াড’ বলতে চাইছেন। আবার অনেকে বলতে চাইঠেন ‘জেড’ দিয়ে ক্রেমলিনের তার এক নম্বর টার্গেটকে বোঝাতে চাইছে, আর তিনি হলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ওপেন সোর্স নিয়ে গবেষণা করা বেলিংক্যাটের গবেষক অ্যারিক টোলের রাশিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছেন সেই আট বছর আগে থেকে, যখন রুশ বাহিনী পূর্ব ইউক্রেইনে ক্রিমিয়া দখল করে নিল।

তিনি বলেছেন, ২০ ফেব্রুয়ারিও তাদের কোনো ধারণা ছিল না যে ‘জেড’ দিয়ে কি বোঝানো হচ্ছে। আগে কখনও এরকম কিছু তারা দেখেননি। টুইটারে তিনি লিখেছেন, “সুতরাং, সবচেয়ে খারাপটিই ধরে নিচ্ছি, আমার ধারণা/ভয়।”

রাশিয়ার প্রতিরক্ষা নীতি বিশ্লেষক রব লি ইউক্রেইনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ শুরুর পর থেকে ‘জেড’ প্রতীক সম্বলিত যানবাহনগুলো পর্যবেক্ষণ করে চলেছেন। তার ধারণা, এটা দিয়ে লড়াইয়ে যোগ দেওয়া সামরিক বাহিনীর কনটিনজেন্টকে বোঝানো হচ্ছে।

কিংস কলেজ লন্ডনের ওয়ার স্টাডিজ বিভাগের পিএইচডির ছাত্র লি গত ১৯ ফেব্রুয়ারি টুইটারে লেখেন, “দেখা যাচ্ছে ইউক্রেইন সীমান্তের কাছে জড়ো হওয়া যানবাহনগুলোকে এই অভিযানে সমন্বিত বাহিনী হিসেবে আলাদাভাবে চিহ্নিত করার জন্য সেগুলোর গায়ে ‘জেড’ প্রতীক আঁকা হয়েছে।”

অবশ্য ইউক্রেইনে অভিযান শুরুর পর রহস্যময় প্রতীক হিসেবে আবির্ভূত এই ‘জেড’ রাশিয়ায় যুদ্ধ সমর্থকদের কাছে সমর্থন জানানোর একটি জনপ্রিয় প্রতীকে পরিণত হয়েছে। অনেক বিশ্লেষক একে ব্যাখ্যা করছেন একটি নতুন জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষের ইঙ্গিত হিসেবে।

রুশ নাগরিকে এখন তাদের গাড়িতে ‘জেড’ প্রতীক আঁকছেন, জামার হাতায়, পকেটে এই প্রতীক সম্বলিত ব্যাজ ব্যবহার করছেন - যা থেকে মূলত প্রেসিডেন্ট পুতিনের প্রতি এবং রাশিয়ার প্রভাব বলয় বাড়াতে ইউক্রেইনের অংশবিশেষ দখল করে নেওয়ার পদক্ষেপকে সমর্থনের বহিঃপ্রকাশ হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা উইলসন সেন্টারের সাবেক ফেলো ও গবেষক কামিল গালিভ টুইটারে লিখেছেন, “ইউক্রেইনে আক্রমণের বিষয়ে জনসমর্থন আদায়ে রুশ কর্তৃপক্ষ একটি প্রচার চালু করে এবং তারা ব্যাপক সমর্থন পাচ্ছে।”

তিনি বলেন, “মাত্র কয়েকদিন আগেই এই প্রতীক উদ্ভাবন করা হয় যা এখন রাশিয়ার নতুন আদর্শ ও জাতীয় প্রতীকে পরিণত হতে চলেছে।”

ইউক্রেইনের যুদ্ধে রুশ পক্ষের হতাহতের খবর প্রচারে কড়াকড়ি আরোপের পাশাপাশি ক্রেমলিন একটি কঠিন আইনও চালু করছে, যেখানে ‘ভুয়া’ খবর ছড়ানোর শাস্তি হিসেবে কারাদণ্ডের বিধান রয়েছে। আর এসব পদক্ষেপের মাধ্যমে পুতিনের সমর্থকরা যুদ্ধের পক্ষে বড় জনসমর্থন তৈরি করতে পারছেন।

রাশিয়ার দক্ষিণপশ্চিমে তাতারস্তান অঞ্চলের কাজান শহরে ক্যান্সার আক্রান্তদের একটি আশ্রমের শিশুদের শীতের বরফে বের করে খোলা আকাশের নিচে লাইনে দাড়িয়ে ‘জেড’ প্রতীক তৈরি করতে বলা হয় শুধু রাশিয়ার সামরিক অভিযানের প্রতি সমর্থন দেওয়ার জন্য।

 

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সদস্যদের মধ্যেও ‘জেড’ জনপ্রিয়তা পেতে শুরু করেছে।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় একজন অনিবন্ধিত বিদেশি গোয়েন্দা হিসেবে সেদেশের কট্টরপন্থি রাজনীতিক মহলে অনুপ্রবেশে চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন মারিয়া বুতিনা। এখন তিনি রাশিয়ার কিরভ অঞ্চলে পুতিনের সমর্থক ইউনাইটেড রুশিয়া দলের একজন আইনপ্রণেতা। যোগাযোগ মাধ্যম ‘টেলিগ্রাম’ চ্যানেলে তিনি যুদ্ধের সমর্থনে পোস্ট দিচ্ছেন।

ওই প্ল্যাটফরমে বুতিনা নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি একটি সাদা রংয়ের ‘জেড’ নিজের ব্লেজারের ল্যাপেলে যুক্ত করে একটি সেলফি তুলেছেন। ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে, “ভাইয়েরা, তোমাদের কাজ চালিয়ে যাও। আমরা তোমাদের সঙ্গে আছি। চিরদিন।”

Image
কাতারের দোহায় জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে রাশিয়ার অ্যাথলেট ইভান কুলিক

কাতারের দোহায় জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে রাশিয়ার অ্যাথলেট ইভান কুলিক

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক রোশিয়া-২৪ এর সংবাদদাতা যারা ইউক্রেইন থেকে সংবাদ পাঠাচ্ছেন, তাদেরকে ‘জেড’ প্রতীক সম্বলিত জ্যাকেট পরে সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে।

কাতারের দোহায় জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে রাশিয়ার অ্যাথলেট ইভান কুলিককেও পদক গ্রহণের মঞ্চে ‘জেড’ প্রতীক পরে উপস্থিত হতে দেখা যায়, ওই সময় তিনি স্বর্ণপদক প্রাপ্ত ইউক্রেইনের অ্যাথলিট ইলিয়া কোভতুনের পাশেই দাঁড়ানো ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, তরুণ রুশরা ‘জেড’ প্রতীক এবং রুশ ভাষায় লেখা ‘আমরা আমাদের মানুষকে ত্যাগ করব না’ হ্যাশট্যাগ যুক্ত কালো টি-শার্ট ও হুডি পরে রাশিয়ার পতাকা উড়িয়ে যুদ্ধের পক্ষে স্লোগান দিচ্ছেন - “রাশিয়ার জন্য, প্রেসিডেন্টের জন্য। রাশিয়ার জন্য, পুতিনের জন্য!”