ইউক্রেইনের রাজধানীর নাম কী, কিয়েভ না কিইভ?
ইউক্রেইনে রুশ বাহিনীর ত্রাসের মধ্যে লাখো মানুষ যখন প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাচ্ছে, তখন নতুন করে আলোচনায় আসছে দেশটির রাজধানীর নামের বানান আর উচ্চারণ।
বিশ্বের বেশিরভাগ এলাকার মত বাংলাদেশেও শহরটির নাম উচ্চারণ করা হয় কিয়েভ। কিন্তু ইউক্রেইনীয়রা তাদের রাজধানীকে বলেন ‘কিইভ’।
ইংরেজিতে বানান ‘Kyiv’, উচ্চারণ kee-yiv। এই বানান ইউক্রেইনীয় শব্দ ‘Київ’ এর প্রতিবর্ণীকরণ।
নামটি এসেছে কিই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা Kyi এর নামানুসারে, যিনি ওই শহরটিরও গোড়াপত্তন করেন। তাহলে কিয়েভ নামটি এল কীভাবে?
গার্ডিয়ান লিখেছে, কিয়েভ নামটি এসেছে রুশ উচ্চারণ Kiev (kee-yev) থেকে। রাশিয়ায় স্লাভিক ভাষার সিরিলিক শব্দ ‘Киев’ এর বর্ণান্তরিত এই শব্দটি সোভিয়েত যুগে এবং বর্তমান শতকের প্রথমদিকে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়।
এরপর সত্তরের দশকে পশ্চিমা দেশগুলোতে জনপ্রিয় হয়ে ওঠা ‘chicken kiev’ খাবারটির কারণে ‘কিয়েভ’ উচ্চারণটি সম্ভবত আরও বেশি প্রচলিত হয়ে ওঠে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে ইউক্রেইন। এর রাজধানীর নামের বানান ও উচ্চারণ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিসংশন প্রস্তাব ওঠার পর।
আন্তর্জাতিক বেশ কিছু সংবাদমাধ্যম তখন থেকেই Kiev এর বদলে Kyiv লিখতে শুরু করে। অবশ্য ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৮ সাল থেকেই Kyiv লেখার জন্য সোশাল মিডিয়ায় প্রচার চালিয়ে আসছিল।
দুই বানান আর উচ্চারণে পার্থক্য সামান্য হলেও এর তাৎপর্য মোটেও ছোট নয়। বিষয়টি এখন ইউক্রেইনের রুশীকরণের সঙ্গে জড়িয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে সরকারি নথি, বিমানবন্দর এবং ভৌগলিক অভিধানসহ বিভিন্ন প্রকাশনায় এই বানানের ইউক্রেইনীয় সংস্করণ ব্যবহৃত হচ্ছে।
কেমব্রিজ ইউনিভার্সিটির ইউক্রেইনীয় ভাষার শিক্ষক আন্দ্রেই স্মিৎস্নিউক বলেন, “নতুন কারো সঙ্গে পরিচিত হলে তার নামটি তাদের ভাষায় তারা যেভাবে উচ্চারণ করতে চায়, সেভাবেই উচ্চারণ করতে আমি পছন্দ করি।
“আমি মনে করি, ইউক্রেইনীয় উচ্চারণের যতটুকু সম্ভব কাছাকাছি গিয়ে এটা ‘Kyiv’ বলাই সঠিক। ইউক্রেইনীয় অনেকেই এটাকে তাদের ভাষা এবং পরিচয়ের প্রতি সম্মান হিসেবে দেখেন।”
এ দুটি ভিন্ন উচ্চারণের পেছনে দানা বেঁধে আছে শত শত বছরের ভাষাগত বিবর্তনের ইতিহাস। গত এক হাজার বছরে ওই অঞ্চলটিতে ছিল মঙ্গল, লিথুয়ানীয়, পোলিশ এবং রুশ সাম্রাজ্য।
রুশ এবং ইউক্রেইনীয় দুটোই পূর্ব স্লাভোনিক ভাষা। অন্যদিকে পোলিশ পশ্চিম স্লাভোনিক ভাষা, বুলগেরীয় ভাষা হল দক্ষিণ স্লাভোনিক।
নটিংহ্যাম ইউনিভার্সিটির রুশ ও স্লাভোনিক স্টাডিজ এর সহযোগী অধ্যাপক মনিকা হোয়াইট বলেন, “এরা একই শেকড় থেকে এসেছে। কিন্তু সব ভাষায় যেমন হয়, এরাও বিভিন্ন দিকে সরে গেছে।”
আধুনিক যুগের শুরুর দিকে ইউক্রেইনীয় ভাষায় কিছুটা পোলিশ প্রভাব পড়ে। বেশ কিছু ইউক্রেইনীয় স্বরধ্বনির উচ্চারণের শেষ দিকটা রুশ ভাষায় একই ধ্বনির চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
মনিকা হোয়াইট বলেন, “ভাষার ক্ষেত্রে এটা অস্বাভাবিক নয়। আপনি দেখবেন, ‘টাইম’ শব্দটির উচ্চারণ মেলবোর্ন, মিডলসবারা এবং মিসিসিপিতে কীভাবে বদলে যায়।”
ইউক্রেইনীয় ভাষার বর্ণমালায় বেশ কিছু বর্ণ রয়েছে, যা একেবারেই নিজস্ব। যেমন ইউক্রেইনীয় ভাষায় ‘Київ’ শব্দটির ї, যার উচ্চারণ রুশ ভাষাভাষিদের জন্য একটু কঠিন।
চার বছর আগে ইউক্রেইন সরকার তাদের রাজধানীর নামের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে একটি ক্যাম্পেইন শুরু করে। #KyivNotKiev নামে টুইটার হ্যাশট্যাগটি এখনও বেশ চালু।
