২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়েভে স্কাই নিউজের সাংবাদিক গুলিবিদ্ধ

ইউক্রেইনে স্কাই নিউজের সাংবাদিকদের বহন করা একটি গাড়িতে ‘রুশ বাহিনী’ হামলা করেছে। হামলায় যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলটি প্রধান প্রতিনিধি স্টুয়ার্ট রামসে এবং একজন ফটোসাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 10:15 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

বিবিসি জানায়, রামসে এবং তার চার সহকর্মী গত সোমবার একটি গাড়িতে করে অন্য একটি শহরে খবর সংগ্রহ করতে যাচ্ছিলেন। কিন্তু সেই শহরটিতে তীব্র লড়াই শুরু হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের রাজধানী কিয়েভে ফিরে আসছিলেন। কিয়েভে ফেরার পথে ওই হামলার শিকার হন তারা।

গাড়ি লক্ষ্য করে গুলি শুরু হলে সাংবাদিকদের দলটি গাড়ি থেকে বের হয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় একটি গুলি রামসের পিঠের নিচের দিকে আঘাত করে। এছাড়া, ক্যামেরা অপারেটর রিচি মকলারের সুরক্ষা পোশাকে (বডি আর্মার) দুইটি গুলি লেগেছে।

গাড়ি থেকে বেরিয়ে তারা একটি কারখানা ভবনে আশ্রয় নেন। সেখান থেকে ইউক্রেইন পুলিশ তাদের উদ্ধার করে।

সাংবাদিকদের দাবি, রাশিয়ার একটি টহল ইউনিট এ হমলা চালিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। 

Image
ইউক্রেইনে দায়িত্ব পালনের সময় হামলার শিকার স্কাই নিউজের সাংবাদিকদের দলটি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ছবি: স্কাই নিউজের সৌজন্যে

ইউক্রেইনে দায়িত্ব পালনের সময় হামলার শিকার স্কাই নিউজের সাংবাদিকদের দলটি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ছবি: স্কাই নিউজের সৌজন্যে

গত শুক্রবার থেকে তাদের হামলা তীব্র রুপ নিয়েছে। তারা ইউক্রেইনের বিভিন্ন নগরীতে আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন, ক্লিনিক, এমনকি হাসপাতালেও তীব্র গোলা বর্ষণ করছে।

স্কাই নিউজের সাংবাদিকদের সাহসের ভূয়সী প্রশংসা করে এক টুইটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘সবাইকে প্রকৃত সত্য জানাতে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন।

‘‘স্বাধীন সংবাদমাধ্যমকে বর্বর এবং নির্বিচার সহিংস কর্মকাণ্ডের দ্বারা ভয় দেখান বা ভীত করা যাবে না।”

বিবিসি জানায়, রামসেকে যু্ক্তরাজ্য নিয়ে যাওয়া হয়েছে।

হামলার শিকার হওয়ার ঘটনা বর্ণনায় রামসে বলেন, কোথাও একটা ছোট বিস্ফোরণ হলো এবং আমাদের গাড়ি থেমে গেলো। এর পরপরই আমাদের গাড়ির উপর গুলিবর্ষণ ‍শুরু হয়।

‘‘আমরা জানতাম, বাঁচতে হলে আমাদের বের হতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছিল।

তিনি জানান, গাড়ি থেকে প্রথমে দুইজন প্রডিউসার বের হন। আরো একজন প্রসিউসার তাদের লক্ষ্য করে ছুট লাগান। তারপর রামসে এবং ক্যামেরা অপারেটর বের হন।

‘‘আমি ভাবছিলাম, আমার মৃতু্র কি বেদনাদায়ক হতে যাচ্ছে এবং তারপরই আমার পিঠের নিচের অংশে গুলি লাগে। আমি চিৎকার করে বলেছিলাম, আমার গুলি লেগেছে। তবে যেটা আমাকে সব থেকে অবাক করেছে সেটা হলো, আমার ততটা তীব্র ব্যাথা লাগেনি। আমার অনেকটা ঘুষি লাগার মত মনে হয়েছিল, সত্যি।”

Image
ছবি: স্কাই নিউজের সৌজন্যে

ছবি: স্কাই নিউজের সৌজন্যে

তিনি আরো বলেন, ‘‘অবাক করার মত বিষয় হচ্ছে, আমি তখন খুবই শান্ত ছিলাম। আমি মাথায় হেলমেট পরতে পেরেছিলাম। পালাবার জন্য দৌড়ও দিতে। যখন আমি থামলাম এবং দরজার ভেতর দিয়ে ঢুকে একটি তাকের পেছনে আশ্রয় নিলাম। আমি আমার ফোন এবং আমার প্রেস কার্ড বের করে দেখলাম সব ঠিক আছে কিনা, অবিশ্বাস্য।”

গুলিবিদ্ধ হওয়ার পর রামসে কী করেছিলেন তার বর্ণনা পরে তিনি সহকর্মী রিচি মকলারের কাছে জানতে পারেন।

‘‘রিচি আমাকে বলেছে, আমি গাড়ি থেকে বের হই এবং দাঁড়াই। জগিং করার মত করে ব্যারিকেডের প্রান্তে পৌঁছাই এবং তারপর ছুট লাগাই। জোরে দৌড় দেয়ার সময় আমি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আলু বস্তা মাটিতে পড়েছে। পড়ে গিয়ে আমার মুখ কেটে গেছে। আমার আর্মোর আর হেলমেটই আমাকে বাঁচিয়ে দিয়েছে।

‘‘মূল কথা আমাদের ভাগ্য খুব ভালো ছিল। কিন্তু হাজার হাজার ইউক্রেইনীয় ‍মারা যাচ্ছেন। এবং পরিবারগুলো রাশিয়ার হিট স্কোয়াডের লক্ষ্যবস্তু হচ্ছে, যেমনটা আমরা হয়েছিলাম। এই যুদ্ধ দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে।”