২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে: ব্লিনকেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইন জিততে পারে, এই বিশ্বাস আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 04:29 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

বিবিসি জানিয়েছে, এই সংঘাত কতদিন চলতে পারে তা বলতে না পারলেও ইউক্রেইনের পরাজয় অনিবার্য এমনটা মানতে রাজি হননি তিনি, বরং দেশটির্ জনগণের ‘অসাধারণ প্রতিরোধের’ প্রশংসা করেছেন।

শুক্রবার ছয় দিনের ইউরোপ সফরের শুরুতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ব্লিনকেন বিবিসির সঙ্গে কথা বলেন।

বিবিসিকে তিনি বলেন,“মস্কোর উদ্দেশ্য হচ্ছে ইউক্রেইনের সরকার উৎখাত করে সেখানে পুতুল সরকার বসানো। সাড়ে ৪ কোটি ইউক্রেইনিয়ান একভাবে না একভাবে এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে ভেবে রেখেছিলেন, যুদ্ধ সে অনুযায়ী হচ্ছে না বলেও মত এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের নবম দিন (শুক্রবার) চললেও ইউক্রেইনীয়দের তুমুল প্রতিরোধের কারণে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলেই মনে হচ্ছে।

দক্ষিণে রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূল সংশ্লিষ্ট একাধিক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে; বন্দরনগরী মারিওপোল তারা এখনও ঘিরে রেখেছে। তবে মাইকোলাইভ থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে শহরটির গভর্নর দাবি করেছেন।

উত্তরে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সেনাদের হাতে অবরুদ্ধ হয়ে আছে।

ব্লিনকেন বলেন, ইউক্রেইনকে সহায়তা করতে ও ভ্লাদিমির পুতিনের শুরু করা এই যুদ্ধের ইতি টানতে রাশিয়ার ওপর ‘ভয়ঙ্কর’ চাপ সৃষ্টিতে যা করা দরকার আর তা করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ।

ইউক্রেইন এ যুদ্ধে জিততে পারে এমনটা বিশ্বাস করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, “সময়ই বলবে, তবে অবশ্যই।”

“কতদিন এটা চলবে আমি বলতে পারবো না, কতদিন লাগবে তা বলতে পারবো না,” বলেছেন তিনি।

সংঘাতের তীব্রতা বেড়ে যেতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

“এ ব্যাপারটাতে আমরা গভীর মনোযোগ দিচ্ছি কেননা, ইউক্রেইনের ভেতরে একটা যুদ্ধের চেয়ে যুদ্ধ এর বাইরে ছড়িয়ে পড়া আরও খারাপ হবে,” বলেছেন তিনি।

রুশ বাহিনী ইউক্রেইনে বেসামরিকদের ওপর ‘ক্রমশ নৃশংস’ পদ্ধতি ব্যবহার করে যাচ্ছে এবং এর ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলেও ভাষ্য তার।

“আমরা দেখছি রুশরা সংবেদনশীল বিভিন্ন স্থাপনার দিকে এগোচ্ছে, যার মাধ্যমে ইউক্রেইনীয়দের পানি, বিদ্যুৎ, তাপের মতো পরিষেবা প্রাপ্তি আটকে যাচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক এসব পদ্ধতি প্রেসিডেন্ট পুতিনের অধীনে থাকা রুশ যুদ্ধ পরিকল্পনার অংশ। আমার ধারণা, আমরা এ ধরনের আরওঅনেক কিছু দেখবো,” বলেছেন তিনি।

ইউক্রেইনে ‘আগ্রাসন’ বন্ধে যুক্তরাষ্ট্র মস্কোর নেতৃত্বে পরিবর্তন দেখতে চাইছে কিনা, এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, “আমরা এমনটা চাইছি না। যে কোনো ঘটনার ক্ষেত্রেই ব্যাপারটা আমাদের হাতে নয়। রাশিয়ার জনগণকেই তাদের নেতৃত্ব ঠিক করতে হবে।”