২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণের পর ইউক্রেইন উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

ইউক্রেইনের উপকূলে বিস্ফোরণের পর একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে এর এস্তোনীয় মালিকরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 03:05 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

তারা জানান, জাহাজটির দুই জন ক্রু সদস্য জীবনরক্ষাকারী ভেলায় চড়ে সরে পড়তে পারলেও ওই সময় আরও চার জন ক্রু-কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তাদের ছয় জনকেই ইউক্রেইনের উদ্ধারকারী বাহিনী সাগর থেকে তুলে নিয়ে আসে।

বিবিসি জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটির মালিক এস্তোনিয়াভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সি। বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সদস্য। এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে।

কয়েকদিন আগে ইউক্রেইনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওদেসার নিকটবর্তী চোরনোমস্ক বন্দর ছাড়ার পর থেকে জাহাজটি দেশটির উপকূলে নোঙ্গর করেছিল।

ইউক্রেইন সামরিক বাহিনী জানিয়েছে, ওদেসা দখল করার জন্য রাশিয়া উভয়চর জলযান পাঠাচ্ছে। ইউক্রেইনের দক্ষিণাঞ্চলজুড়ে রুশ বাহিনীগুলো অব্যাহতভাবে এগিয়ে আসছে বলে জানিয়েছে তারা।

ওদেসা ইউক্রেইনের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এই বন্দরনগরীটিতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।