২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা শান্তি বৈঠক শুরু, মানবিক সহায়তার ‘করিডোর’ চায় ইউক্রেইন

যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে বেলারুশে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু করেছেন ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিরা। এ বৈঠকে মানবিক করিডোরের দাবি জানাতে চায় ইউক্রেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:48 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

আলোচনায় কিয়েভের লক্ষ্য হচ্ছে, রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো, যাতে বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে। ইউক্রেইনের এক আলোচক একথা বলেছেন।

বিবিসি জানায়, ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলও পোডোলিয়াক বৃহস্পতিবার এক টুইটে বৈঠকের মূল আলোচ্যসূচি কী কী তা জানিয়েছেন। এর মধ্যে- মানবিক করিডোর ছাড়াও আছে দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তি করা নিয়ে আলোচনা।

 

বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় রুশ সংবাদ সংস্থা তাস।

গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিরা প্রথম দফা বৈঠক করেন। বেলারুশের গোমেল অঞ্চলে পাঁচ ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।

রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। প্রথম বৈঠকের পর মেডিনস্কি বলেছিলেন, একটি চুক্তি না হওয়া পর্যন্ত তারা ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যেতে প্রস্তুত আছেন।