২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ সেনারা ‘বিভ্রান্ত শিশুর’ মত: জেলেনস্কি

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে আগ্রাসন চালানো রুশ সেনাদের ‘বিভ্রান্ত শিশু’ বলেছেন, ‘যারা জানে না কেন তারা ইউক্রেইনে এসেছেন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 09:11 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার ফেইসবুকে এক পোস্টে এভাবেই রুশ সেনাদের বর্ণনা দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘‘আমাদের সেনারা, আমাদের সীমান্তরক্ষীরা, আমাদের আঞ্চলিক বাহিনী এমনকী সাধারণ কৃষকরাও প্রতিদিন রুশ সেনাদের পাকড়াও করছেন। আর তাদের সবাই একই কথা বলছেন: তারা জানেন না তারা কেন এখানে।”

‘‘তারা একটি শক্তিশালী দেশের যোদ্ধা নন। তারা বিভ্রান্ত শিশু যাদের ব্যবহার করা হয়েছে।”

ঠিক এক সপ্তাহ আগে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে তারা কৌশলগতভাব গুরুত্বপূর্ণ নগরী খারসন দখল করেছে। ইউক্রেইনের প্রধান বাণিজ্য নগরী মারিওপোল এবং দ্বিতীয় বৃহৎ নগরী খারকিভ পতনের মুখে। সেখানে মুহুর্মুহ গোলা বর্ষণ চলছে, যে কোনো সময় রুশ বাহিনী নগর দুটির দখল নেবে।

এছাড়া, রুশ বাহিনী তিন দিক থেকে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা তো চলছেই।

রুশ আগ্রাসন শুরুর পর থেকেই জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার বানিয়েছেন। তিনি নিয়মিত সেখানে ‍নানা পোস্ট ও ভিডিও দিয়ে দেশবাসীকে উজ্জীবিত করার চেষ্ট ‍করছেন।

যুক্তরাষ্ট্র তাকে নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখান করেছেন। বিশ্বের অন্যতম শক্তিধর একটি সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের হয়ে তার লড়াই করার ইচ্ছা অনেক মানুষের কাছে তাকে নায়কে পরিণত করেছে।

তিনি যে রুশ বাহিনীর এক নম্বর টার্গেট তা তিনি নিজেই বলেছেন। গত মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে বক্তৃতা দেওয়ার সময় সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে।

তিনি যেভাব জনগণকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন সেটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি জার্মান বাহিনীর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনসটন চার্চিলের ভাষণের সঙ্গে তুলনা করা হচ্ছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘‘যদিও তারা সংখ্যায় ১০গুণ বেশি, কিন্তু শত্রুদের মনোবল দিন দিন আরও কমছে। আমরা এমন এক জনগণ, যারা শত্রুর পরিকল্পনা এক সপ্তাহেই বানচাল করে দিয়েছি।”

তবে জেলেনস্কি যতই আশার কথা শোনান, বাস্তব পরিস্থিতি ঠিক তেমনটি নয়। সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শুরু হওয়া রুশ আগ্রাসন এখন বেসামরিক নাগরিকদের প্রাণও কাড়ছে।

ইউক্রেইনের বড় বড় নগরীগুলোতে বৃষ্টির মতো গোলার বর্ষণ করছে রাশিয়া। আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকও তা থেকে রেহাই পাচ্ছে না। ইউক্রেইনের ভেতর তারা অনেকখানি এগিয়ে গেছে।

তারা দক্ষিণের বন্দর খারসন দখল করেছে, ওডেসার দিকে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য ইউক্রেইনের কৃষ্ণ সাগর উপকূল পুরোটা দখল করা। প্রধান বাণিজ্য নগরী দক্ষিণের মারিওপোল পতনের মুখে। দ্বিতীয় বৃহৎ নগরী উত্তরপূর্বের খারকিভ দখলের দাবি করেছে রুশ সেনারা।

জেলেনস্কির দাবি আগ্রাসনে এসে রাশিয়ার প্রায় নয় হাজার সেনা প্রাণ হারিয়েছে। এদিকে, রাশিয়ার দাবি যুদ্ধের তাদের ৪৯৮ সেনা প্রাণ হারিয়েছেন। কার দাবি সঠিক তা এখন যাচাই করা সম্ভব নয়।

যুদ্ধে মঙ্গলবার পর্যন্ত ২২৭ জন বেসামরিক নাগরিক নিহতের কথা জানিয়েছে জাতিসংঘ। তবে বলেছে, প্রকৃত সংখ্যা হয়ত এর থেকে কয়েক গুণ বেশি।

প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি মানুষ ইউক্রেইন থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।