২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়েভবাসীদের ‘নিরাপদ প্রস্থানের’ প্রস্তাব রুশ বাহিনীর

রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মধ্যাঞ্চলীয় শহর ভাসিলকিভের দিকে চলে যাওয়ার সুযোগ দেবে বলে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:06 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইউক্রেইন আক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ প্রস্তাব দিয়েছেন।

সাংবাদ চ্যানেল রোশিয়া ২৪ এ তিনি বলেন, “রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা বেসামরিক লোকজনকে চলে যেতে কোনো বাধা দেবে না।”

বিবিসি জানিয়েছে, রাশিয়া এই নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভের বেসামরিক বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার একটি পথ প্রস্তাব করল। সোমবারও মেজর জেনারেল কোনাশেনকভ বেসামরিকদের একই প্রস্তাব দিয়ে বলেছিলেন, “ভাসিলকিভের দিকের পথ খোলা ও নিরাপদ।”

কিন্তু এক সপ্তাহ আগে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ভাসিলকিভ শহরটিও রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়েছে। রুশ বাহিনী শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ করছে।

বৃহস্পতিবার কিয়েভের স্থানীয় সময় ভোররাতেও শহরটিতে ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ফুটেজগুলোতে রাতের আকাশ আলো করা প্রকাণ্ড অগ্নিগোলক দেখা গেছে। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিয়েভের দিকে এগোতে থাকা রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কোনোভাবে পথেই ‘আটকা’ পড়েছে।

 

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার দখলদারিত্ব প্রতিরোধে যা কিছু করা সম্ভব তা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

রাশিয়ার সেনারা ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোল ও দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খারসন ঘিরে ফেলছে বলে শহর দুটির কর্তৃপক্ষ জানিয়েছে।

খারসনের মেয়র জানিয়েছেন, রাশিয়ার সেনারা শহরটিতে প্রবেশ করেছে, তারপরও শহরটি এখন পর্যন্ত ইউক্রেইনের পতাকার নিচে আছে। তবে মেয়র এ দাবি করলেও শহরটির পতন হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।   

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধকবলিত ইউক্রেইন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা এখন ১০ লাখে পৌঁছে গেছে।