২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ৫৮৪০ সেনাকে হত্যার দাবি ইউক্রেইনের

ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রাথমিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে সব ক্ষয়ক্ষতি রাশিয়ার বাহিনীরই হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 04:08 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

বিবিসি তাদের এ দাবি যাচাই করতে না পারলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর বিশ্বাস, ইউক্রেইনে আগ্রাসন চালানোর সময় রাশিয়ার বাহিনীগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

ইউক্রেইন জানিয়েছে, তাদের প্রতিরোধে এ পর্যন্ত রাশিয়ার ৫৮৪০ জন সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি আগ্রাসি বাহিনীর ৩০টি বিমান, ৩১টি হেলিকপ্টার, ২১১টিরও বেশি ট্যাঙ্ক, ৮৬২টি সাঁজোয়া যান (এপিভি), ৮৫টি আর্টিলারি সিস্টেম, ৯টি বিমান বিধ্বংসী সিস্টেম, ৬০টি জ্বালানি ট্যাংক লরি, ৩৫৫টি গাড়ি ধ্বংস ও ৪০টি এমএলআরএস রকেট লঞ্চার জব্দ করেছে তারা।

জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত ও ৪০০ জন আহত হয়েছে।

আর ইউক্রেইন সরকার জানিয়েছে, তাদের হিসাবে এ পর্যন্ত ইউক্রেইনের ৩৫২ জন বেসামরিক নিহত ও ১৬৮৪ জন আহত হয়েছে।

ইউক্রেইনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছে বলে বুধবার শহরটির মেয়র জানিয়েছেন।