রাশিয়ার লক্ষ্য আমাদের মুছে ফেলা: জেলেনস্কি
ইউক্রেইনে আক্রমণের প্রথম ছয় দিনেই রাশিয়ার প্রায় ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের সপ্তম দিন বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেইন ও এর ইতিহাস মুছে ফেলা।
তবে কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ক্রেমলিন ইউক্রেইনের দখল নিতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে জার্মান ও তাদের ইউক্রেইনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, “এই হামলা প্রমাণ করছে, রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ।
“তারা আমাদের কিয়েভ, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের প্রত্যেকের উপর নির্দেশ আছে আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের সবাইকে মুছে ফেলার,” ভিডিওতে এমনটাই বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।
