২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

রাশিয়ার আগ্রাসনের ষষ্ঠ দিনে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৫ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 02:30 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় এক পোস্টে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

রাশিয়া মঙ্গলবার সকালের এই হামলা শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেইনের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে দেখা গেছে।

এর ফলে একটি বিশাল, জ্বলন্ত বিস্ফোরণ ঘটে যা জানালা ও কাছাকাছি সব গাড়ি উড়িয়ে নিয়ে যায়।

হামলার পরের এক ভিডিওতে ধ্বংসস্তূপ ও পোড়া গাড়ি দেখা গেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই হামলা হয়।

খারকিভে গত কয়েকদিন ধরেই আকাশ থেকে ব্যাপক বোমাবর্ষণ ও তুমুল যুদ্ধ হচ্ছে। ইউক্রেইনের উত্তরপূর্বের এই শহরে ১৬ লাখ মানুষের বাস।