ইউক্রেইনে কতদূর এগোল রাশিয়া?
রাশিয়ার আগ্রাসনের ষষ্ঠ দিনে যুদ্ধ নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইনস্টিটিউটের বিশ্লেষকরা ইউক্রেইনের লড়াই নিয়ে তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
তারা জানিয়েছেন, ইউক্রেইনীয় প্রতিরক্ষার বিরুদ্ধে রাশিয়া তাদের অভিযান পুনর্গঠন করতে থাকায় মঙ্গলবার পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত আছে। মস্কো যা ভেবেছিল ইউক্রেইনীয় প্রতিরক্ষা তার চেয়ে অনেক শক্তিশালী হওয়ায় রাশিয়া পুরো পরিকল্পনা ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে।
ইউক্রেইনের যে অঞ্চলগুলোতে বড় লড়াই হচ্ছে সেগুলোর কয়েকটি বিবিসির প্রতিবেদন অবলম্বনে এখানে তুলে ধরা হল:
রাজধানী কিয়েভ: এখানে ইউক্রেইনের প্রতিরক্ষা এখনও পর্যন্ত মজবুত আছে। শক্তিবৃদ্ধির অপেক্ষায় থাকায় রাশিয়ার বাহিনী এখন এখানে তৎপরতা সীমাবদ্ধ রেখেছে। পরবর্তী সময়ে তারা আরও শক্তি নিয়ে ফের হামলা শুরু করবে বলে ধারণা বিশ্লেষকদের।
তারা বলছেন, রাশিয়া যদি সেনা পাঠানো অব্যাহত রাখে তাহলে সম্ভবত রুশ বাহিনীর ঘেরাও আটকাতে পারবে না ইউক্রেইন, কিন্তু তারা রাজধানীর ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ‘অত্যন্ত কঠিন ও সম্ভবত অসফল’ করে তুলতে পারে।
উত্তরপশ্চিমের খারকিভ: গত ৪৮ ঘণ্টায় ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হয়েছে।
রাশিয়ার বাহিনীগুলো এখন এখানে টিউব ও রকেট গোলা ব্যবহার করছে। এসব গোলার কারণে বেসামরিক মৃত্যু অনেক বেড়ে যাচ্ছে এবং ক্ষয়ক্ষতিও বেশি হচ্ছে।
ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, খারকিভে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে।
এখানে রাশিয়া থার্মোব্যারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে করছে বলে অভিযোগ এসেছে। তবে এসব দাবি যাচাই করা যায়নি বলে বিবিসি জানিয়েছে।
ইউক্রেইনের দক্ষিণাঞ্চল: এখানে প্রথম দিনের তুলনায় পরবর্তী দিনগুলোতে রাশিয়ার অগ্রগতি শ্লথ হয়ে গেছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
রাশিয়া সেনারা পূর্বাঞ্চলীয় মারিওপোল ও নিকটবর্তী জাপোরিঝিয়া শহরে ‘চূড়ান্ত’ আক্রমণে মনোনিবেশ করায় এমনটি হতে পারে বলে জানিয়েছেন তারা।
