রুশ-ইউক্রেইন বৈঠকের প্রস্তুতির মধ্যে অস্বস্তি পুতিনের নির্দেশে
চার দিন যুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেইন সরাসরি আলোচনায় বসতে রাজি হওয়ায় যেটুকু স্বস্তি ফিরেছিল বিশ্বে, তার মধ্যেই অস্বস্তি হয়ে দেখা দিয়েছে ভ্লাদিমির পুতিনের এক নির্দেশ।
রোববার বেলারুশে যুদ্ধরত দুই পক্ষের বৈঠকে বসতে রাজি হওয়ার খবর আসার সঙ্গে সঙ্গে এই খবরটিও আসে যে রাশিয়ার পরমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
নেটো দেশগুলোর আগ্রাসী তৎপরতার কারণে এই পদক্ষেপ বলে রুশ প্রেসিডেন্ট যুক্তি দেখালেও একে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর বলছে, এটা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
আর রুশ আগ্রাসনের শিকার ইউক্রেইন বলছে, আলোচনার আগে পুতিনের এই পদক্ষেপ তাদের উপর চাপ সৃষ্টির কৌশল।
এদিকে চতুর্থ দিনেও বিভিন্ন স্থানে লড়াইয়ের খবর পাওয়া গেছে। তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে রুশ সীমান্তের হারকিভ শহরে। তবে ইউক্রেইন সরকার জানিয়েছে, রুশ হামলা চললেও দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটির নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে।
কিয়েভে গোলাবর্ষণও অব্যাহত রয়েছে। আজোভ সাগরতীরের মারিওপোল শহরেও রুশ সৈন্যরা ঢুকে পড়ছে বলে খবর এসেছে।
ইউক্রেইনের হারকিবে রুশ হামলার পর শিশুদের খেলার জায়গাটি এখন নিঃশব্দ। ছবি: রয়টার্স
চার দিনে রাশিয়ার ৪,৩০০ সেনা নিহত এবং ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান, ৭০৬টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি ইউক্রেইনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়া করলেও তা কোনো সংবাদ মাধ্যম যাচাই করে দেখতে পারেনি।
যুদ্ধের মধ্যে ইউক্রেইন থেকে এই পর্যন্ত ৩ লাখের মতো মানুষ প্রতিবেশী দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ইভা জোহানসন জানিয়েছেন। তার ধারণা, এই সংখ্যা ১০ লাখে পৌঁছতে পারে অচিরেই।
ইউক্রেইনে রুশ সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের বড় বড় শহরে রোববার বড় ধরনের বিক্ষোভ হয়েছে, যেখানে পুতিনতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোট সরাসরি যুদ্ধে অংশ না নিলেও বিভিন্ন দেশই ইউক্রেইনকে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে নিষেধাজ্ঞার পরিসর বাড়িয়ে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা।
রোববারই খবর আসে দুই পক্ষের প্রতিবেশী দেশ বেলারুশে বৈঠকে বসতে ইউক্রেইনকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। শুরুতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তিনি যুক্তি দেখান, যেহেতু বেলারুশ ভূখণ্ড ব্যবহার করে রুশ আক্রমণ হয়েছে, তাই সেখানে কোনো আলোচনায় তারা অংশ নেবেন না।আলোচনার বিকল্প স্থান হিসেবে অন্য কয়েকটি দেশের কথাও বলেন তিনি।
এর কয়েক ঘণ্টা পরই রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, তার দেশের প্রতিনিধি দল ইউক্রেইনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমেলের উদ্দেশে রওনা হয়েছে।
ইউক্রেইনের লুহানস্কে রুশ হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: রয়টার্স
পরে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতি উদ্ধৃত করে বিবিসি জানায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে জেলেনস্কির টেলিফোনে কথা হয়েছে। গোমেলে আলোচনায় বসতে রাজি হয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, “আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে।
“আলেকজান্ডার লুকাশেঙ্কো দায়িত্ব নিয়েছেন, ইউক্রেইনের প্রতিনিধি দলের যাওয়া, আলোচনায় অংশ নেওয়া এবং ফেরার পুরো সময়ে বেলারুশে থাকা সব যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও মিসাইল সিস্টেমকে নিশ্চল রাখা হবে।”
স্থানীয় সময় সোমবার সকালে এ বৈঠক হবে বলে ইউক্রেইনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছেন।
তাস জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার পর পুতিনকে ফোন করেন লুকাশেঙ্কো। তিনি বলেন যে ইউক্রেইনের প্রতিনিধি দল আসতে সময় লাগছে বলে রুশ প্রতিনিধি দলকে বেশি সময় থাকতে হবে। তাতে পুতিন সম্মতি দেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, এই আলোচনা হবে ‘ইউক্রেইনের নিরপেক্ষ অবস্থান’ ঘোষণার লক্ষ্য নিয়ে, যার মধ্যে দেশটির ‘বেসামরিকীকরণের’ কথাও থাকবে।
ইতালিতে বিক্ষোভ থেকে যুদ্ধ থামানোর দাবি। ছবি: রয়টার্স
২০১৪ সালে ইউক্রেইনের পূর্বাঞ্চলে সংঘাত থামানোর জন্য বেলারুশের রাজধানী মিনস্কেই সমঝোতা চুক্তি সই হয়েছিল। তবে তা কার্যকর না হওয়ার মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হল।
এই বৈঠকের খবরের পরপরইসিএনএন, বিবিসিসহ সংবাদ মাধ্যমগুলো জানায়, পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।
আর কেবল পশ্চিমারাই নয়, নেটোর নেতৃস্থানীয় দেশগুলোও রাশিয়াকে নিয়ে আগ্রাসী বক্তব্যে সামিল হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, এ কারণেই তিনি প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফকে তার বাহিনীর পারমাণবিক অস্ত্রের বহরকে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার আদেশ দিয়েছেন।
রাশিয়ার পশ্চিম সীমান্তের অন্য দেশগুলো নেটো জোটে চলে যাওয়ার পর এবার ইউক্রেইনও সেদিকে যেতে চাওয়া তার ঘোর বিরোধিতা করছেন পুতিন।
যুদ্ধ শুরুর পর পালাচ্ছে ইউক্রেনীয়রা, এরা যাচ্ছেন হাঙ্গেরি সীমান্তে। ছবি: রয়টার্স
রাশিয়ার পশ্চিম সীমান্তের দেশগুলোর মধ্যে এখন বেলারুশই কেবল মস্কোর ‘অনুগত’ হিসেবে পরিচিত। অন্য সব দেশ, যেগুলো এক সময় সোভিয়েত ইউনিয়নের ওয়ারশ জোটে ছিল, এখন নেটো জোটে ঢুকে পড়েছে। সেগুলো হল- বুলগেরিয়া, রুমানিয়া, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া।
এখন ইউক্রেইন নেটো জোটে গেলে কৃষ্ণ সাগরে রুশ কর্তৃত্ব স্পষ্টতই হুমকির মুখে পড়বে, আর সেটা নিয়েই বারবার আপত্তি জানিয়ে আসছে পুতিন।
রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুদ আছে। পুতিন ইউক্রেইন অভিযান শুরুর সময় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “কেউ এতে বাধা দেওবার চেষ্টা করলে এমন পরিণতি হবে যা তার ইতিহাসে কখনও দেখা যায়নি।”
তখন অনেকেই একে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বলেই ধরে নিয়েছিলেন।
এখন পরমাণু অস্ত্র প্রস্তুত রাখতে পুতিনের নির্দেশ দেওয়াকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
তিনি সিবিএস নিউজকে বলেন, “এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেইন যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদেরকে খুবই তীব্র এবং কড়া ভাষায় এই পদক্ষেপের নিন্দা করে যেতে হবে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর কয়েকবারই ভার্চুয়াল বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ছবি: রয়টার্স
হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, পুতিনের সিদ্ধান্ত উত্তেজনা আরেক দফা বাড়িয়েছে। এর কোনো প্রয়োজন ছিল না। এই সংঘাতের প্রতিটি পদক্ষেপে পুতিন তার একের পর এক আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করতে গিয়ে হুমকি সৃষ্টি করেছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, তিনি (পুতিন) কখনওই ইউক্রেইন কিংবা নেটো থেকে হুমকির মুখে ছিলেন না। নেটো প্রতিরক্ষা জোট। এই জোট ইউক্রেইনে লড়াই করবে না। তার (পুতিন) বাহিনী আজ হুমকির মুখে পড়ার কারণ একটিই- তা হচ্ছে, তারা একটি সার্বভৌম দেশে আগ্রাসন চালিয়েছে।”
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা প্রতিক্রিয়ায় বলেন, পুতিনের পারমাণবিক অস্ত্র বহরকে বিশেষ সতর্কাবস্থায় রাখাটা ইউক্রেইনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা।
তিনি বলেন, “দুইপক্ষের প্রতিনিধিদল আলোচনায় বসতে রাজি থাকা নিয়ে ঘোষণা আসার পরপরই পুতিন পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার এই আদেশ দিয়েছেন- এমনটিই দেখা যাচ্ছে।
“আমরা পুতিনের নির্দেশকে ঝুঁকি বাড়ানো এবং ইউক্রেইনের প্রতিনিধি দলের উপর বাড়তি চাপ সৃষ্টি হিসাবেই দেখছি। তবে আমরা চাপের কাছে নতি স্বীকার করব না।”
জাপানে রুশবিরোধী বিক্ষোভে ভ্লাদিমির পুতিনকে তুলনা করা হয় অ্যাডলফ হিটলারের সঙ্গে। ছবি: রয়টার্স
ওদিকে পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ আখ্যায়িত করে নেটো জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, “ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে।”
তবে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেয়া বলছেন, এই পদক্ষেপের মানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা আছে- এমন আভাস দেওয়া নয়, বরং এটি নেটোকে সতর্কবার্তা পাঠানোর জন্য রাশিয়ার একটি পন্থা।
পুতিন আসলে কী চান- এই প্রশ্নে পোল্যান্ডভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক কনরাড মুজিকা রয়টার্সকে, তিনি দৃশ্যত কিয়েভের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দক্ষিণ দিক দিয়ে কৃষ্ণ সাগরে পৌঁছতে রাশিয়ার জন্য একটি স্থল করিডোর তৈরি করতে চান।
এখন কৃষ্ণ সাগরের শুধু পূর্ব প্রান্তেই রাশিয়া রয়েছে, দক্ষিণের তুরস্ক নেটোভুক্ত দেশ, পশ্চিম প্রান্তের রুমানিয়া ও বুলগেরিয়াও নেটোভুক্ত। উত্তর প্রান্তের ইউক্রেইনও যদি নেটোতে যায়, তবে কৃষ্ণ সাগরে রুশ নিয়ন্ত্রণ অনেকটাই হ্রাস পাবে, আর সেটাই হতে দিতে চান না পুতিন।
