ইউরোপের আকাশে নিষিদ্ধ হচ্ছে রাশিয়ার উড়োজাহাজ
ইউক্রেইনে আগ্রাসনের জেরে ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার ওপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
এরই মধ্যে জার্মানি ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপের বাকি দেশগুলোও তাদের কাতারে সামিল হতে চলেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।
যুদ্ধের কারণে রাশিয়ার বাণিজ্যিক উড়োজাহাজ ইউক্রেইনের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। ইউরোপের বেশিরভাগ আকাশেও চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোতে যেতে তাদের হাতে এখন খুব কম বিকল্পই আছে। সেই বিকল্পও অনেক বেশি ঘোরা পথ।
ফলে মস্কোর দোমোদিয়েদোভো ও শেরিমিতিয়াভো বিমানবন্দরের ডিপার্চার বোর্ডে রোববার বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার খবর উঠেছে। যেগুলোর মধ্যে প্যারিস, ভিয়েনা এবং কালিনিনগ্রাদগামী ফ্লাইটও ছিল।
রাশিয়ার এস৭ এয়ারলাইন্স ফেইসবুকে এক পোস্টে জানায়, তারা আগামী অন্তত ১৩ মার্চ পর্যন্ত তাদের ইউরোপগামী বেশিরভাগ ফ্লাইট বাতিল ঘোষণা করছে।
রাশিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন অ্যারোফ্লট জানায়, তারা আগামী অন্তত ২৬ মার্চ পর্যন্ত লাটভিয়া ও রোমানিয়া এবং ২৮ মার্চ পর্যন্ত প্রাগ এবং ওয়ারশ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখবে।
ইউরোপের নিষেধাজ্ঞার ফলে রুশ মালিকানাধীন উড়োজাহাজ, এমনকী প্রাইভেট জেটও বাল্টিক দেশ, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, রোমানিয়া এবং স্লোভেনিয়ায়র আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
#যুক্তরাজ্যও রাশিয়া উপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
#জার্মানি রাশিয়ার উপর তাদের আকাশসীমা ব্যবহারে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার জিএমটি ১৪:০০ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
#নেদারল্যান্ডসও রোববার থেকে রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে।
#ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে রাশিয়ার ওপর তাদের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা আসছে বলে জানিয়েছে।
#ফিনল্যান্ড সরকার জানিয়েছে, রাশিয়ার উড়োজাহাজের তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।দেশটির সঙ্গে রাশিয়ার ৮০০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে।
#বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের আকাশ ‘তাদের জন্য খোলা যারা মানুষে মানুষে সংযোগ ঘটান। তাদের জন্য নয় যারা বর্বরোচিত আগ্রাসন চালান’।
#ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশও রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দেবে এবং পুরো ইউরোপ যেন একই নিষেধাজ্ঞা আরোপ করে সে লক্ষ্যে কাজ করবেন।
#আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া নিজেরা কিছু না বলে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের উপর ছেড়ে দিয়েছে।
যেসব দেশ রাশিয়ার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, পাল্টা জবাবে রাশিয়াও ওইসব দেশের উপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
