২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা হবে বেলারুশ সীমান্তে, ইউক্রেইন ও রাশিয়া রাজি

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের চতুর্থ দিনে এসে বেলারুশের মধ্যস্থতায় শান্তি আলোচনার একটি উদ্যোগ জোর পেয়েছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 09:06 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

বেলারুশ সীমান্তের গোমেল এলাকায় স্থানীয় সময় সোমবার সকালে এ বৈঠক হবে বলে ইউক্রেইনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এক বিবৃতিতে বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয়ে তার টেলিফোনে কথা হয়েছে।

“আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে। 

“আলেকজান্ডার লুকাশেঙ্কো দায়িত্ব নিয়েছেন, ইউক্রেইনের প্রতিনিধি দলের যাওয়া, আলোচনায় অংশ নেওয়া এবং ফেরার পুরো সময়ে বেলারুশে থাকা সব যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও মিসাইল সিস্টেমকে নিশ্চল রাখা হবে।”

রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কির বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, সে দেশের প্রতিনিধি দল ইউক্রেইনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমেলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কি প্রথমে বেলারুশের মিনস্কে শান্তি আলোচনায় বসার প্রস্তাবে রাজি ছিলেন না। তবে অন্য কোনো জায়গায় আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছিলেন। সম্ভাব্য স্থান হিসেবে তিনি ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল ও বাকুর নাম বলেছিলেন সে সময়।

বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

চূড়ান্ত মুহূর্তের আগে আলোচনার বার্তা দিল রাশিয়া

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেইন নেটো সামরিক জোটের সদস্য হতে চায়; যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় মিত্ররাও তাতে মোটামুটি রাজি। কিন্তু প্রতিবেশী বড় দেশ রাশিয়ার তাতে ঘোর আপত্তি।

এ নিয়ে সাড়ে তিনমাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী।

শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় মস্কোর উদ্দেশে বলেন, “এই আক্রমণ বন্ধের বিষয়ে আগে হোক পরে হোক রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত আগে আলাপ শুরু করা যাবে, রাশিয়ার ক্ষতি ততই কম হবে। আক্রমণ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সে সময় বলেছিলেন, ইউক্রেইনের সামরিক বাহিনী আত্মসমর্পণ না করলে কোনো ধরনের আলোচনায় যাবে না রাশিয়া।

তবে আগ্রাসী রুশ বাহিনী ইউক্রেইনের রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেইনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত।  

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেদিন বলেন, আলোচনা করতে চাইলে বেলারুশের রাজধানী মিনস্কে তা হতে পারে। তবে শর্ত হল, এই আলোচনা হবে ‘ইউক্রেইনের নিরপেক্ষ অবস্থান’ ঘোষণার লক্ষ্য নিয়ে, যার মধ্যে দেশটির ‘বেসামরিকীকরণের’ কথাও থাকবে।

২০১৪ সালে ইউক্রেইনের পূর্বাঞ্চলে সংঘাত থামানোর জন্য এই মিনস্কেই সমঝোতা চুক্তি সই হয়েছিল। ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে সেই চুক্তি ভঙ্গ করেছেন পুতিন।

বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

পুরনো খবর:

বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির
চূড়ান্ত মুহূর্তের আগে আলোচনার বার্তা দিল রাশিয়া