২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত মুহূর্তের আগে আলোচনার বার্তা দিল রাশিয়া

রাশিয়ার বাহিনী কিয়েভ দখলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর ক্রেমলিন বলেছে, ইউক্রেইনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোচনায় বসতে তারা প্রস্তুত।   

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 07:52 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

পুরনো খবর:

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভোস্তি শুক্রবার এ খবর দিয়েছে। 

দিমিত্রি পেসকভ বলেছেন, আলোচনা করতে চাইলে বেলারুশের রাজধানী মিনস্কে তা হতে পারে। তবে শর্ত হল, এই আলোচনা হবে ‘ইউক্রেইনের নিরপেক্ষ অবস্থান’ ঘোষণার লক্ষ্য নিয়ে, যার মধ্যে দেশটির ‘বেসামরিকীকরণের’ কথাও থাকবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেইন নেটো সামরিক জোটের সদস্য হতে চায়; যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় মিত্ররাও তাতে মোটামুটি রাজি। কিন্তু প্রতিবেশী বড় দেশ রাশিয়ার তাতে ঘোর আপত্তি।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে আলোচনার আহ্বান জানালেও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে কখনও সাড়া মেলেনি।

বিবিসি লিখেছে, ইউক্রেইন সঙ্কটের এই সময়ে আরেক প্রতিবেশী দেশ বেলারুশের রাজধানী মিনস্ক এখন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০১৪ সালে ইউক্রেইনের পূর্বাঞ্চলে সংঘাত থামানোর জন্য এই মিনস্কেই সমঝোতা চুক্তি সই হয়েছিল। এখন ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে সেই চুক্তি ভঙ্গ করলেন পুতিন।   

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে বলেছিলেন, ইউক্রেইনের সামরিক বাহিনী আত্মসমর্পণ না করলে কোনো ধরনের আলোচনায় যাবে না রাশিয়া।

রুশ বাহিনী কিয়েভের কাছাকাছি চলে আসার পর শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় মস্কোর উদ্দেশে বলেন, “এই আক্রমণ বন্ধের বিষয়ে আগে হোক পরে হোক রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত আগে আলাপ শুরু করা যাবে, রাশিয়ার ক্ষতি ততই কম হবে। আক্রমণ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব।”

এর কয়েক ঘণ্টা পর রুশ বাহিনী কিয়েভে ঢুকে পড়ার খবর আসে। কাছাকাছি সময়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, মস্কো আলোচনার জন্য তাদের প্রতিনিধিকে মিনস্কে পাঠাতে রাজি।

রিয়া নোভোস্তি লিখেছে, জেলেনস্কির প্রস্তাব বিবেচনা করে পুতিন প্রতিনিধি পাঠাতে পারেন; সেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রশাসনিক কর্মকর্তারাও থাকবেন।

সিএনএন লিখেছে, আলোচনার এই বার্তা আসলে কিয়েভকে আরও বেশি চাপে রাখার একটি চেষ্টা, কারণ রুশ বাহিনী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার অপেক্ষাতেই রয়েছে।

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া  

আমাদের একাই লড়তে হচ্ছে: জেলেনস্কি

পুতিন-ল্যাভরভের সম্পদ জব্দ করবে ইইউ