২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

কিয়েভের কাছে গুরুত্বপূর্ণ হোসটোমেল বিমানঘাঁটি দখল করে নিয়ে ইউক্রেইন সরকারের প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 07:25 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ২০০ হেলিকপ্টার এবং ট্রুপার পাঠিয়ে ওই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিম দিক দিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে কিয়েভ।   

এই অভিযানে ইউক্রেইনের স্পেশাল ইউনিটের ২০০ সৈন্য নিহত হয়েছে এবং রাশিয়ার কেউ মারা যায়নি বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি।  

বিবিসি লিখেছে, এ বিষয়ে ইউক্রেইন সরকারের ভাষ্য এখনও জানা যায়নি। সংবাদমাধ্যমগুলো রাশিয়ার দাবি যাচাইও করতে পারেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেইনের সব এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করে দেওয়ায় হোসটোমেল বিমানঘাঁটিতে সৈন্য নামানো সম্ভব হয়েছে।   

কিয়েভে ঢুকছে রাশিয়ার ট্যাংক: ইউক্রেইন

পতন হবে কিয়েভের, আশঙ্কা যুক্তরাষ্ট্রের  

বৃহস্পতিবার ইউক্রেইনে আক্রমণ শুরুর পর থেকেই রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল রাশিয়া। তুমুল লড়াইয়ের মধ্যে শুক্রবার রুশ বাহিনী রাজধানী কিয়েভে ঢুকে পড়ে।

শুক্রবার বিকালে এক টুইটে ইউক্রেইনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ‘শত্রুরা’ পৌঁছে গেছে ওবোলন এলাকায়। শহরের প্রাণকেন্দ্রে ইউক্রেইনের পার্লামেন্ট থেকে ওই এলাকার দূরত্ব ৯ কিলোমিটারের মত।  

ইউক্রেইনের প্রতিরক্ষা দপ্তর তখনও স্থানীয়দের উৎসাহ দিচ্ছিল, তারা যেন মলোটভ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়।

পাশাপাশি তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছিল সরকারের তরফ থেকে। 

প্রতিরক্ষা দপ্তরের টুইটে বলা হয়, “শান্তিপ্রিয় বাসিন্দারা, সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না!”

এর আগে কিয়েভে গোলাগুলি আর বড় ধরনের বিস্ফোরণের খবর এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেখানে ঠিক কী ঘটছে, তা বাইরে থেকে বোঝার উপায় ছিল না।

বিকালেই কিয়েভ সিটি সেন্টারের উত্তরে ওবোলন আবাসিক এলাকার রাস্তা দিয়ে রাশিয়ার ট্যাংকের এগিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও আসে সোশাল মিডিয়ায়।  

ওই ভিডিও ওবোলন এলাকার একটি ভবন থেকে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজউইক ম্যাগাজিন লিখেছে, কিয়েভের পতনের পরপরই ইউক্রেইনের প্রতিরোধ ভেঙে পড়বে বলে ধারণা করছে ওয়াশিংটন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করার পর বৃহস্পতিবার রাশিয়ার বাহিনী ইউক্রেইনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নামে। বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠা বড় বড় শহরগুলোর আনুমানিক এক লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে; কয়েক ডজন মানুষের মৃত্যুরও খবর এসেছে।

সীমান্ত অঞ্চলগুলো থেকে কিয়েভে যাওয়ার যতগুলো পথ, তার মধ্যে বেলারুশের দিকে থেকে যাওয়ার রাস্তাই সবচেয়ে সংকীর্ণ; বৃহস্পতিবার রাশিয়ার বাহিনীগুলো ওই পথেই এগিয়ে গিয়ে কিয়েভের উত্তরে চেরনোবিলের একসময়কার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে করে নেয়।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে কিয়েভ দখল করা এবং দেশটির পশ্চিমাপন্থি সরকারকে উৎখাত করা।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় বলেছেন, “আমাকে তাদের টার্গেটগুলোর মধ্যে এক নম্বরে রেখেছে শত্রুরা, দুই নম্বরে আমার পরিবার। তারা রাষ্ট্রপ্রধানকে নিঃশেষ করে ইউক্রেইনকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চায়।

“আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেইনেই আছে।”

আমাদের একাই লড়তে হচ্ছে: জেলেনস্কি  

এগোচ্ছে রুশ বাহিনী, কিয়েভে থাকার প্রত্যয় জেলেনস্কির