বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির
ইউক্রেইনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে মস্কো জানানোর পর ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ হয়েছে, সেখানে কোনো বৈঠকে তারা যাবেন না।
তবে অন্য কোনো স্থানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই তার, বলেছেন তিনি।
“আপনাদের ভূখণ্ড থেকে যদি কোনো আগ্রাসন না হতো, তাহলে আমরা মিনস্কে আলোচনায় বসতে পারতাম। এখন আলোচনাস্থল হিসেবে অন্য কোনো শহর ব্যবহার করা যেতে পারে,” ইউক্রেইনের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ৫টি শহরের নামও বলেছেন তিনি।
“অবশ্যই আমরা শান্তি চাই, বসতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু- এসব শহরের কথা আমরা রাশিয়ানদের বলেছি।
“যে ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি এমন যে কোনো দেশের যে কোনো শহর হলেও হবে। এটাই একমাত্র উপায়, যাতে আলোচনা সৎ হতে পারে ও সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে,” বলেছেন জেলেনস্কি।
