রুশ সেনাবাহী উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইউক্রেইনের
কিয়েভের কাছে রুশ সেনাবাহী একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেইন।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুকে এক পোস্টে এ দাবি করেছে বলে জানায় বিবিসি।
মন্ত্রণালয়ের দাবি, ওই উড়োজাহাজটিতে রাশিয়ার ছত্রী সেনারা ছিল। যাদের বেশিরভাগই মারা গেছেন।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবির সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, ‘‘ইউক্রেইনের এসইউ-২৭ যুদ্ধবিমান শনিবার স্থানীয় সময় ০০:৩০ দিকে (জিএমটি ২২:৩০) রাশিয়ার সেনা বহনকারী আইএল-৭৬ এমডি আটকে দিয়েছে। রুশ উড়োজাহাজটি তখন কিয়েভ অঞ্চলে ছত্রীসেনা নামানোর চেষ্টা করছিল।
উড়োজাহাজটির উৎপাদনকারীদের দেয়া তথ্যানুযায়ী, ওই উড়োজাহাজে ১৬৭ জনের বেশি সেনা এবং ছয় থেকে সাতজন ক্রু ছিলেন।
ফেসবুকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই পোস্টের নিচে ইউক্রেইনের সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভালেরি জালুজনি মন্তব্য করেন, ‘‘এটা ২০১৪ সালে লুহানস্কে ঘটা ঘটনার প্রতিশোধ।”
আট বছর আগের যুদ্ধে লুহানস্কে ইউক্রেইনের ছত্রীসেনাবাহী একটি সামরিক উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়েছিল। নিহত হয়েছিলেন ইউক্রেইনের ৪০ ছত্রীসেনা এবং নয় জন ক্রু।
সেনাবাহী উড়োজাহাজ ভূপাতিত করা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা না হলেও রুশ সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কোভ শনিবার দাবি করেন, ইউক্রেইনে আগ্রাসনে এখন পর্যন্ত রুশ বাহিনীর কেউ হতাহত হননি।
