২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের ডাক দিলেন পুতিন

আগ্রাসন শুরুর পরদিনই ইউক্রেইনীয় সেনাবাহিনীকে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার ডাক দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Feb 2022, 11:17 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

টিভিতে সম্প্রচারিত রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের ভাষণে পুতিন এই ডাক দেন।

তিনি বলেন, “আমি আরও একবার ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর সেনা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলছি, ‘নব্য-নাৎসি’ এবং ‘উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদেরকে’ আপনাদের স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ মানুষদের মানব-ঢাল হিসাবে ব্যবহার করতে দেবেন না।”

“আপনাদের নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। তাহলে কিয়েভের মাসকাসক্ত এবং নব্য-নাৎসি চক্রের সঙ্গে কথা বলার চেয়ে বরং আপনাদের সঙ্গে কথা বললে চুক্তিতে পৌঁছানো সহজ হবে।”

ভাষণে ইউক্রেইন সরকার এবং ইউক্রেইনের প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রুশ-বিরোধী বাহিনী ‘ব্যান্ডেরাইট’ এবং নব্য-নাৎসি আখ্যা দিয়ে পুতিন আরও বলেছেন, “কিয়েভ ও খারিকভসহ বহু শহরে তারা রকেট লাঞ্চার সিস্টেমসহ ভারি অস্ত্রশস্ত্র রেখেছে।”

“তারা বিশ্বজুড়ে সন্ত্রাসীদের মত আচরণ করছে। সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা রাশিয়ার বিরুদ্ধে শান্তিকামী মানুষকে হত্যার অভিযোগ তুলছে। এসবই যে বিদেশি পরামর্শদাতা, সর্বোপরি আমেরিকান উপদেষ্টাদের সুপারিশে ঘটছে সেটি নিশ্চিত।”

‘নব্য-নাৎসি’ শব্দটি ইউক্রেইন সরকার এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্যঙ্গ করতে প্রতিনিয়তই ব্যবহার করে থাকেন পুতিন। জেলেনস্কি একজন ইহুদি। পুতিনের এই ব্যঙ্গাত্মক তকমা তিনি উড়িয়ে দিয়েছেন।

রাশিয়ার সেনারা ইউক্রেইনে ‘খুবই সাহসের সঙ্গে বীরোচিতভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে’ বলেও পুতিন ভাষণে উল্লেখ করেন।