২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নিন্দায় এখনও আপত্তি চীনের

ইউক্রেইনে সর্বাত্মক রুশ হামলা দ্বিতীয় দিনে গড়ালেও চীন এখনও রাশিয়ার নিন্দা করতে রাজি নয়; এশিয়ার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ বলতেও নারাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 06:18 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইউক্রেইন ইস্যুতে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চীন সব দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হলেও তারা ‘নিরাপত্তা সংক্রান্ত রাশিয়ার বৈধ উদ্বেগ’ অনুধাবন করে।

চীন এখনও ইউক্রেইনকে বৈধ রাষ্ট্র হিসেবেই স্বীকার করে এবং রাজনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে যায়নি বলে বিশ্বাস করে, বলেছেন তিনি।

তবে কিয়েভ ও মস্কোর মধ্যে কীভাবে আলোচনা হতে পারে, সে বিষয়ে ওয়েনবিন কোনো ধারণা দেননি বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনের পূর্বে অবস্থিত দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতাকে চীন আদৌ স্বীকৃতি দেবে কিনা, দিলেও কবে, তা বলতেও রাজি হননি তিনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর শতাধিক নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলো কাজ করেনি।

নিষেধাজ্ঞা কেবল ভোগান্তিই বাড়ায়, ভাষ্য তার।