লড়াইয়ে ৪০ জনের বেশি সেনা মারা গেছে, জানাল ইউক্রেইন
ইউক্রেইন বলেছে, বৃহস্পতিবারের লড়াইয়ে তাদের ৪০ জনের বেশি সেনা মারা গেছে এবং আরও বেশকিছু মানুষ আহত হয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন মারা গেছে বলেও খবর পাওয়া গেছে।
সাগর,স্থলভাগ এবং আকাশপথে রাশিয়ার একের পর এক হামলার মুখে বৃহস্পতিবার ইউক্রেইনের সেনাবাহিনী পুরোদস্তুর প্রতিরক্ষামূলক অবস্থানেই থেকেছে।
রাশিয়া ইউক্রেইনের বিভিন্ন জায়গায় সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। ইউক্রেইনের সেনাবাহিনী রাশিয়ার কয়েকটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।
রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির ‘হাতে অস্ত্র তুলে নেওয়া’র আহ্বানে সাড়া দিয়েছে নাগরিকরা। সেনা নিয়োগ কার্যালয়ের সামনে লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা গেছে ২০ থেকে ৫০ এর কোঠার বয়সের প্রায় ১শ’ মানুষকে।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরের উপকণ্ঠে রাশিয়ার সামরিক যান দেখা গেছে। সেখানে প্রধান সড়কের ওপর সেনারা চেকপয়েন্ট বসিয়েছে।
রাশিয়া বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেইনের সেনাবাহিনী পর্যদুস্ত হয়েছে। তবে এরপরও ইউক্রেইনের বাহিনীকে প্রতিরোধ জোরদার করতে দেখা গেছে। খারকিভের উপকণ্ঠে রাশিয়ার দু’টো সামরিক যান ধ্বংস হতে দেখা গেছে।
