‘আমি সাতটি রকেট গুনেছি’
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর রাজধানী কিয়েভের কাছ থেকে এক সাংবাদিক সেখানকার পরিস্থিতি তুলে ধরে জানিয়েছেন, তিনি সাতটি রকেট গুনেছেন।
কিয়েভের নিকবর্তী একটি সামরিক ঘাঁটির কাছে বসবাস করা এই সাংবাদিকের নাম লুবোভ ভেলিচকো বলে জানিয়েছে বিবিসি।
ভেলিচকো জানান, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে’ ভোররাত সাড়ে ৪টার দিকে ঘুম ভেঙে যায় তার, কী হচ্ছে কিছু জানতেন না তিনি।
তিনি বলেন, “আমি বাইরে বের হয়ে আসি আর আগুনের মতো কিছু দেখলাম।”
ভেলিচকো জানান, তার প্রতিবেশীরা প্রচণ্ড ভয় পেয়েছে আর তাদের মধ্যে কয়েকজন কাঁদছিলেন।
“ভোর ৫টার দিকে আমরা আমাদের শিশুদের ভূগর্ভস্থ ভাণ্ডারে লুকিয়ে রাখি,” বলেন তিনি।
এর কিছুক্ষণ পর তিনি নিকটবর্তী সামরিক ঘাঁটিতে যান আর দেখতে পান, সেখানে দুই জন নিহত হয়েছে। তিনি বলেন, “আকাশপথে রকেটের মাধ্যমে সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। আমি সাতটি রকেট গুনেছি।”
পরিবারের সদস্যদের সঙ্গে তিনি এখন শহর ছেড়ে যাচ্ছেন। তারা ‘নিরাপদ বোধ করছেন না’ বলে জানিয়েছেন তিনি।
ভেলিচকোর বাড়ি থেকে বেলারুশের সীমান্ত ৮০ কিলোমিটার দূরে। ওই সীমান্তের কাছে রাশিয়ার ট্যাঙ্ক এসে হাজির হয়েছে বলে শুনতে পেয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার মস্কোর স্থানীয় সময় ৫টা ৫৫ মিনিটে ইউক্রেইনে অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। তার কয়েক মিনিট মধ্যে রাজধানী কিয়েভের কাছে এই সামরিক ঘাঁটিতে রকেট এসে পড়ে, কিয়েভের বাসিন্দারাও এর বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এরপর রাজধানীর আতঙ্কিত বাসিন্দারা শহরটি ছেড়ে পালানো শুরু করে।
