ইউক্রেইন নিয়ে রাশিয়ার হুমকি অতিরঞ্জিত করছে যুক্তরাষ্ট্র: চীন
যুক্তরাষ্ট্র ‘যুদ্ধের হুমকি নিয়ে খেলছে এবং উত্তেজনা তৈরি করছে’ বলে অভিযোগ করেছে চীন।
পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেইনে যে কোনও সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া এমন পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, মস্কো ইউক্রেইন সীমান্ত থেকে কিছু সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর এখনও সেখানে এক লাখ ৫০ হাজারের বেশি সেনা মোতায়েন আছে।
বাইডেনের এই সতর্কবার্তার মধ্যেই চীন ওই মন্তব্য করল।
বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, “ইউক্রেইন পরিস্থিতি নিয়ে পশ্চিমা কিছু দেশের ক্রমাগত অতিরঞ্জন এবং বিভ্রান্তি ছড়ানো নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ এই বিশ্বকে আরও টালমাটাল এবং অনিশ্চয়তায় ভরে তুলবে। একইসঙ্গে মানুষের দুর্ভোগ আর বিভক্তি বাড়াবে।”
“সংশ্লিষ্ট পক্ষগুলো এরকম বিভ্রান্তি ছড়ানো বন্ধ করবে এবং পারষ্পরিক আস্থা, সহযোগিতা এবং শান্তির জন্য আরও বেশিকিছু করবে বলে আমরা আশা করি।”
পশ্চিমা কয়েকটি দেশের নেতারা ইউক্রেইন প্রশ্নে চীনা অবস্থানের সমালোচনা করে আসছেন। এদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও।
তবে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াংয়ের দাবি, চীন ও রাশিয়া- দুই রাষ্ট্রের প্রধান নেতৃত্ব সবসময় জোট-নিরপেক্ষ, সংঘাতবিহীনভাবে এবং তৃতীয় কোনও দেশকে নিশানা না করে দীর্ঘমেয়াদী, ভাল প্রতিবেশীসুলভ এবং পারস্পরিক সুযোগ-সুবিধা ও সহযোগিতামূলক সম্পর্কের জন্যই কাজ করে যায়।
