হারিয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে পেতে এক পরিবারের দশকব্যাপী খোঁজ
ভারতের কর্ণাটক রাজ্যের নারায়ণাপ্পা শ্রীনিবাসনের অতি প্রিয় ছিল কালো রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ৯০ এর দশকের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন হারিয়ে যায় সেটি।
সেই শোকে বাবাকে মুষড়ে পড়তে দেখে নারারণাপ্পার ছেলে অরুণও স্মৃতিকাতর হয়ে দীর্ঘ ১৫ বছর মোটরসাইকেলটি খুঁজে বেড়িয়েছেন। শেষ পর্যন্ত সেটি পেয়েও গেছেন অরুণ।
বাবা-ছেলের ভালোবাসার এই দারুণ কাহিনী উঠে এসেছে বিবিসি-র একটি প্রতিবেদনে:
সাবেক ব্যাংক কর্মকর্তা শ্রীনিবাসনের বয়স এখন ৭৫ বছর। তিনি বিবিসি-কে বলেন, ‘‘সে সময় বুলেট বাইকের দাম অনেক বেশি ছিল। ওই বাইক কেনার পুরো অর্থ ব্যাংক আমাকে ঋণ হিসেবে দিয়েছিল।”
সেই ১৯৭০ এর দশকে শ্রীনিবাসন মোটরসাইকেলটি ছয় হাজার ৪০০ রুপিতে কিনেছিলেন। এখন একটি রয়াল এনফিল্ড মোটরসাইকেলের দাম প্রায় তিন লাখ রুপি।
মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশের আগে ভারতে রয়াল এনফিল্ডের মত মোটরসাইকেল দামী বস্তু ছিল এবং শ্রীনিবাসনের মত মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সেটা কেনার সুযোগও কম ছিল।
চলার সময় ‘ডুগ ডুগ’ আওয়াজের জন্য রয়াল এনফিল্ড বিখ্যাত এবং ওই সময়ে এটা কিনতে পারা মানে ছিল দারুণ দামী কিছু হাতে পাওয়া। শ্রীনিবাসন যখন মোটরসাইকেলটি কেনেন, তখন তার বয়স ছিল ২৪ বছর। দুই দশক ধরে তিনি মোটরসাইকেলটি সব সময় নিজের সঙ্গে রেখেছেন।
ব্যাংকের কৃষি ঋণ কর্মকর্তা শ্রীনিবাসন কর্ণাটকের যেখানেই বদলি হয়েছেন সেখানেই মোটরসাইকেলটি নিয়ে গেছেন। সফ্টওয়্যার প্রকৌশলী ৩৮ বছরের অরুণ শ্রীনিবাসন বলেন, ‘‘আমার বোনেরা এবং আমি এই বাইকে চড়তে চড়তে বড় হয়েছি। এটা আমাদের পরিবারের প্রথম বাহন ছিল।”
১৯৯৫ সালে কর্ণাটকের মনিপাল নগরী থেকে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ বদলি হয়ে যান শ্রীনিবাসন। অনেক বেশি দূরত্বের কারণে তিনি প্রিয় মোটরসাইকেলটি সেবার সঙ্গে নিতে পারেননি। তাই তিনি সেটি এক বন্ধুর কাছে বিক্রি করে দেন।
তবে শর্ত ছিল, যখন বন্ধুর মনে হবে মোটরসাইকেলটি তার আর দরকার নেই তখন সেটি শ্রীনিবাসনের কাছেই বিক্রি করতে হবে। কিন্তু পরের বছরই বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
সাবেক মালিক হলেও খবর জানামাত্র প্রথমে শ্রীনিবাসনই পুলিশকে চুরির ঘটনা জানান। কিন্তু পুলিশ মোটরসাইকেলটি খুঁজে বের করতে ব্যর্থ হয়। এরপর সময়ের স্রোত বয়ে গেছে আপন গতিতে।
জীবনের নানা ব্যস্ততার মাঝেও বাইকটিকে ভুলতে পারেননি শ্রীনিবাসন। ভাবতেন হয়ত আজো ভারতের কোনওখানে তার বাইকটি চলছে 'ডুগ ডুগ' শব্দ করে। ওদিকে, ছেলে অরুণের নিজেরও আছে পুরোনো যানবাহনের প্রতি ভালোবাসা।
ছবি: বিবিসি
রয়াল এনফিল্ড মোটরসাইকেলকে ভারতে ‘বুলেট’ নামে ডাকা হয়। রাস্তায় যখন কোনও বুলেট যাওয়ার আওয়াজ পেতেন, শ্রীনিবাস সেটি কান পেতে শুনতেন এবং নিজের বাইকের স্মৃতি রোমন্থন করতেন।
তিনি বলেন, ‘‘আমার ছেলে যখন ছোট ছিল সে ওই মোটরসাইকেল চড়তে খুব ভালোবাসত। ওই বাইকের সঙ্গে তার অনেক মধুর স্মৃতি আছে।”শ্রীনিবাসন হারিয়ে যাওয়া ‘বুলেট’ ব্যাঙ্গালুরুর রাস্তায় খুঁজে পাওয়ার আশা কখনও ছাড়েননি।
অরুণ বলেন, “বাবাকে নিয়ে গাড়ি চালানোর সময় রাস্তায় সামনে কোনও বুলেট দেখলেই ইচ্ছে করে গাড়ির গতি কমাতাম, যাতে বাবা ওটা দেখতে না পান।"
“কারণ বাবা সব সময় কান খাড়া করে বাইকের বিশেষ শব্দটি শোনার চেষ্টা করতেন। গাড়ির পাশ দিয়ে যত বাইক যেতে তিনি সেগুলোর মধ্যে নিজের হারিয়ে যাওয়া বুলেটকে খুঁজতেন এবং দেখতে না পেয়ে হতাশ হয়ে যেতেন।”
বাবার মনের অবস্থা দেখে অরুণ শেষ পর্যন্ত নিজেই মাঠে নেমে পড়েন। ২০০৬ সাল থেকে তিনি বাবার মোটরসাইকেলটি খুঁজতে শুরু করেন। তখন তার বয়স ২২ বছর। অরুণ নিজেও পুরাতন গাড়ি সংগ্রহ করেন।
অরুণ বলেন, ‘‘বাবা এবং চাচার ১৯৬০ এর দশকের গাড়ি এখনও আমার কাছে আছে। আমাদের বাড়িতে সময় সময় ছয় থেকে সাতটি গাড়ি পার্ক করা থাকে। “এতদিন সেখানে শুধু রয়াল এনফিল্ডটাই ছিল না।”
অরুণ প্রথমে খোঁজখবর নেওয়া শুরু করেন তাদের আদি-নিবাস মনিপাল শহরে। তিনি সেখানে গ্যারেজ মালিকদের সঙ্গে কথা বলেন। যদিও তারা তাকে খুব বেশি তথ্য দিতে পারেনি। স্থানীয় থানা বা আঞ্চলিক পরিবহন কার্যালয় থেকেও তেমন তথ্য পাওয়া যায়নি।
তবে পরিবহন কার্যালয় ডিজিটাল হওয়ার পর অরুণ কিছুটা আশার আলো দেখতে পান এবং শেষ পর্যন্ত মোটরসাইকেলটির রেজিট্রেশন নাম্বার এবং ইনসুরেন্সের বিস্তারিত তথ্য ধরে সেটিকে খুঁজতে শুরু করেন।
এজন্য তাকে মাসের পর মাস পরিবহন কার্যালয়ে চক্কর কাটতে হয়েছে। এভাবে খুঁজতে খুঁজতেই অরুণ এক সময় জানতে পারেন মহিশুর জেলার এক কৃষক বর্তমানে মোটরসাইকেলটির মালিক। তখন ওই কৃষককে ফোন করে অরুণ জানান, বাবাকে খুশি করতেই এতদিন ধরে বাইকটি খুঁজছেন।
এরপর ওই কৃষক জানান, একজন দালালের কাছ থেকে তিনি বাইকটি ৪৫ হাজার রুপিতে কিনেছিলেন। ওই দালাল আবার পুলিশের একটি নিলাম থেকে মাত্র এক হাজার ৮০০ রুপিতে বাইকটি কিনেছিল।
থানায় পড়ে থাকা চুরি যাওয়া বা পরিত্যক্ত যানবাহন যেগুলোর মালিক খুঁজে পাওয়া যায় না সেগুলো একসময় জঞ্জালে পরিণত হয় এবং পুলিশ নিলাম ডেকে তা বিক্রি করে দেয়।
অরুণ জানান, ওই কৃষক প্রথমে তাকে রয়াল এনফিল্ডটি দিতে রাজি হয়নি। বেশ কয়েক মাস চেষ্টা করার পর তিনি কৃষককে বাইকটি বিক্রি করতে রাজি করাতে পারেন এবং এক লাখ রুপির বেশি দামে সেটি কিনে নেন।
যখন তিনি শেষ পর্যন্ত বাবাকে সেই সুখবর দেন তখন শ্রীনিবাসন খুশিতে ভেসে যান। প্রায় ১৫ বছর পর গত বছর শ্রীনিবাসনের বাড়িতে ফেরত যায় তার প্রিয় ‘বুলেট’।
শ্রীনিবাসন প্রথমে বিশ্বাস করেননি এটি তার সেই হারিয়ে যাওয়া মোটরসাইকেল। তিনি পুরাতন রেজিট্রেশন কার্ড ধরে ইঞ্জিনের নম্বর মেলান এবং নিশ্চিত হন।
চোখে মুখে উত্তেজনা নিয়ে বিবিসি-কে তিনি বলেন, ‘‘রয়াল এনফিল্ডের চালানোর জন্য আমার উচ্চতা কম ছিল। কিন্তু আমি বেশ আরামে সেটি চালাতাম। আমি এখনও সেই আরাম পাচ্ছি। এটা যে আমার বাইক তার একটি প্রমাণও এই আরাম করে বসতে পারা।”
"আজ যেন আমাদের হারানো ঘোড়াটি নিজে থেকে বাড়ি চিনে ফিরে এসেছে।"
