লন্ডনে বার-এর মেঝে ধসে আহত ১৩
লন্ডনে একটি বারের মাঝের তলার মেঝে ধসে পড়ে আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। উদ্ধার করা হয়েছে ৭ জনকে।
বিবিসি জানায়, শনিবার বিকালে এ ঘটনা ঘটে পূর্ব লন্ডনের হ্যাকনি উইকের ‘টু মোর ইয়ার্স’ পানশালায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া ৭ জনকে উদ্ধার করে।
চিকিৎসাকর্মীরা বলেছেন, তিনজন গুরুতর আহত হয়েছে। আর ১০ জন সামান্য আহত হয়েছেন। চারজনকে হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।
বারের মেঝে ধসে পড়ার সময় সেখানে ছিলেন স্ট্র্যাটফোর্ড শহরের এক মানসিক স্বাস্থ্যকর্মী। শরীরে কয়েকটি আঁচড় লাগা ছাড়া এ দুর্ঘটনায় তার তেমন কোনও ক্ষতি হয়নি।
বিবিসি-কে তিনি বলেন, “মেঝে ধসে পড়ার সময়য় ভূমিকম্পের মতো মনে হয়েছিল। এরকম কিছুর জন্য কেউ প্রস্তুত থাকে না।”
লন্ডন এম্বুলেন্স সার্ভিস একে বড় ধরনের দুর্ঘটনা বলে অভিহিত করেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা।
ঘটনার সময় বারে ছিলেন এমন আরেকজন জানিয়েছেন, যে মেঝেটি ধসে পড়েছে তার নিচে তখন সৌভাগ্যক্রমে বেশি মানুষ ছিল না।
মেঝে ভেঙে পড়ার সময় সেটি ফেটে যাওয়ার মতো আওয়াজ হচ্ছিল, ধুলো বের হচ্ছিল এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে সেটি নিচে নেমে যায় বলে জানান ওই ব্যক্তি।
বারটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘টু মোর ইয়ার্স’ এর ইন্সটাগ্রাম একাউন্টে।
