২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ‘আটক’ আফগান নারী অধিকারকর্মী ‘ছাড়া পেয়েছেন’

আফগানিস্তানে গত মাসে ‘একদল বন্দুকধারীর’ হাতে গ্রেপ্তার এক নারী অধিকারকর্মী ছাড়া পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 03:15 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্র বিবিসিকে তামানা জারিয়াবি পারিয়ানির মুক্তির খবর নিশ্চিত করেছে।

নারী অধিকার বিষয়ক এক বিক্ষোভে অংশ নেওয়ার পর পারিয়ানিকে তার কাবুলের পারওয়ান-২ এলাকার অ্যাপার্টমেন্ট থেকে আটকের খবর মিলেছিল।

তালেবান যোদ্ধারা তাকে নিয়ে গেছে বলে অভিযোগ উঠলেও গত বছরের অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া কট্টরপন্থি গোষ্ঠীটি পরে পারিয়ানিকে আটকের কথা অস্বীকার করে।

ছাড়া পেলেও পারিয়ানির স্বাস্থ্যের অবস্থা জানা যায়নি, বলেছে সূত্র দুটি।

আফগানিস্তান ফের তালেবানের কব্জায় যাওয়ার পর থেকে দেশটিতে নারীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ও চাকরি করতে বাধা দেওয়াসহ অনেক অধিকারই ছেঁটে ফেলা হয়েছে।

আরও কয়েক ডজন নারীর সঙ্গে পারিয়ানিও এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং বিক্ষোভ করেন।

তার কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একদল বন্দুকধারী তাকে গ্রেপ্তারে বাড়িতে এসে হাজির হয়েছে বলে জানান এবং সাহায্য চান।

তারপর থেকে তার খোঁজ মিলছিল না।

প্রতিবেশীরা পরে বিবিসিকে বলেন, একদল বন্দুকধারী পারিয়ানি ও তার দুই বোনকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের অ্যাপার্টমেন্টটি খালি পড়ে আছে।

তালেবান পরে পারিয়ানিকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে।

কট্টরপন্থি ইসলামী গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহীন ২০ জানুয়ারি বিবিসিকে বলেন, পারিয়ানিকে আটক করলে তালেবান তা স্বীকার কে নিতো। কোনো অভিযোগ থাকলে আদালতেই তার মীমাংসা হতো।

বিদেশে রাজনৈতিক আশ্রয় পেতে পারিয়ানি মিথ্যা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের নাটক প্রচার করেছে কিনা, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি।

বিবিসি লিখেছে, তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে নারীদের অনেক স্বাধীনতা ছিল। কিন্তু কট্টরপন্থি গোষ্ঠীটি ক্ষমতায় আসার পর আফগানিস্তানই এখন বিশ্বের একমাত্র দেশে পরিণত হয়েছে যারা নারীদের শিক্ষার পথ রূদ্ধ করে রেখেছে।

এ নিয়ে নারীদের বিক্ষোভ আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া তালেবানকে বেশ বিব্রতও করছে।

পুরনো খবর:

তালেবানের বিরুদ্ধে নারী অধিকারকর্মী আটকের অভিযোগ