২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নাগরিকদের ইউক্রেইন ছাড়তে বললেন বাইডেন

ইউক্রেইন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সে দেশ থেকে সরে যেতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 02:35 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

তিনি বলেছেন, পরিস্থিতি ‘খুব দ্রুত খারাপ হতে পারে’। আর মস্কো যদি ইউক্রেইন আক্রমণ করে, আমেরিকানদের উদ্ধারে তিনি সেনা পাঠাতে পারবেন না।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে বাইডেন বলেছেন, “আমেরিকানদের এখনই চলে যাওয়া উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। এটি একটি খুব ভিন্ন পরিস্থিতি এবং পরিস্থিতি শিগগিরই খারাপ হয়ে যেতে পারে।”

প্রয়োজনে আমেরিকানদের উদ্ধারে বাইডেন ইউক্রেইনে সৈন্য পাঠাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, সেই সম্ভাবনা নেই।

“আমেরিকা এবং রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলে তা হবে বিশ্বযুদ্ধ। আমরা আগের থেকে খুব আলাদা একটি পৃথিবীতে আছি।”

ইউক্রেইন নিয়ে উত্তেজনার পারদ ক্রমাগত উপরে উঠতে থাকায় দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যেতে বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টও।

ক্রেমলিন বলেছে, প্রাক্তন সোভিয়েত প্রতিবেশী ইউক্রেইন যাতে ন্যাটোতে যোগ না দেয়, তা নিশ্চিত করতেই ‘রেড লাইন’ প্রয়োগ করতে চায় রাশিয়া।

এ পরিস্থিতিতে ইউরোপ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে বরে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইউক্রেইন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করলেও রাশিয়া শুরু থেকেই বলে আসছে, প্রতিবেশী দেশটিতে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই ধারণা, যে কোনো মুহূর্তে ইউক্রেইনে হামলা চালাবে মস্কো।

পশ্চিমাদের এ উদ্বেগের মধ্যেই বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া।

তার প্রস্তুতিতে রাশিয়ার বাহিনী আজভ সাগর পুরোপুরি অবরোধ করে রেখেছে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা।

ইউক্রেইনের দক্ষিণের ওই দুটি সাগরে আগামী সপ্তাহ থেকে নৌমহড়া শুরু করবে রশিয়া। মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির প্রশিক্ষণ হবে জানিয়ে ওই উপকূলের সবাইকে প্রশিক্ষণ এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে তারা।

ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যে বিশাল এলাকাজুড়ে মহড়ার আয়োজন করা হয়েছে, তা নজিরবিহীন। এতে উভয় সাগরেই জাহাজ চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ এক টুইটে বলেছেন, ওই দুটি সাগরের আন্তর্জাতিক জলপথগুলো রাশিয়া অবরুদ্ধ করে রেখেছে।

আর ইউক্রেইনের মার্কিন দূতাবাস এক টুইটে বলেছে, “রাশিয়া কৃষ্ণ সাগর ও আজভ সাগরে সামরিক মহড়ার অজুহাতে ইউক্রেইনের সামুদ্রিক সার্বভৌমত্ব ও জাহাজ চলাচলের স্বাধীনতা সীমিত করে তাদের অর্থনীতির জন্য অপরিহার্য জাহাজ চলাচলে বাধা দিয়েছে।”

পরিস্থিতি বর্তমানে ‘সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে’ পৌঁছেছে মন্তব্য করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুদ্ধ হলে তা ‘বিপর্যয়’ ডেকে আনবে।

বৃহস্পতিবার বিবিসিকে তিনি বলেন, ইউক্রেইনের হাতে এখন ‘বিশাল এক বাহিনী আছে’, যেখানে প্রায় দুই লাখ সেনা রয়েছে।

“এটা আমার কথা, আর সেখানে নেটোর লড়াইয়ের বিষয়টি বিচার-বিবেচনা করে দেখাটা নিশ্চিতভাবেই তাদের ওপর বলে আমি মনে করি।

“আমি শুধু জোর দিয়ে এটাই বলতে চাই, যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউক্রেইনের মাটিতে বড় ধরনের রক্তক্ষয় হয়, তবে পুরোদস্তুর বিপর্যয় ঘটবে।”

বিশ্ব নেতারা সংকট নিরসনে কূটনীতি অব্যাহত রেখেছেন। কিন্তু বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেইন বলেছে, সংঘাত অবসানের লক্ষ্যে ফরাসি ও জার্মান কর্মকর্তাদের সঙ্গে তাদের এক দিনের আলোচনার কোনো অগ্রগতি হয়নি।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেওয়ার পর থেকে কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে উত্তেজনা চলছে। আট বছর পর ফের তা তুঙ্গে উঠেছে।

সেসময় থেকেই ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়া সীমান্তের কাছে পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে অবরুদ্ধ হয়ে আছে।

বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকের পর নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, “সত্যিকার অর্থে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেইনে হামলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বলে আমি মনে করি না। কিন্তু তার মানে এই না যে, খুব শিগগিরই পুরোপুরি বিপর্যয়কর কিছু ঘটা অসম্ভব।

“এই সময়টা সম্ভবত সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। আমি বলব, আগামী কয়েকটি দিন। ইউরোপ কয়েক দশকের মধ্যে নিরাপত্তায় সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। আমাদের এ পরিস্থিতিকে সঠিক পথে আনতে হবে। আমি মনে করি নিষেধাজ্ঞা এবং সামরিক ব্যবস্থার সমন্বয়, আর এর পাশাপাশি কূটনীতি- এসবই বিকল্প হিসাবে হাতে আছে।”

আরও খবর

সমুদ্রপথ আটকে রেখেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেইনের  

ইউক্রেইন-রাশিয়া সংকট বিপজ্জনক মুহূর্তে, যুদ্ধ বিপর্যয় ঘটাবে: জনসন  

ইউক্রেইন সংকট: বেলারুশকে নিয়ে ১০ দিনের সামরিক মহড়ায় রাশিয়া  

ইউক্রেইনে যুদ্ধ হবে পাগলামি: পোপ