২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সংকট: বেলারুশকে নিয়ে ১০ দিনের সামরিক মহড়ায় রাশিয়া

ইউক্রেইন সীমান্তে বিপুল রুশ সৈন্যের উপস্থিতি নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 01:15 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

মহড়া উপলক্ষ্যে রাশিয়া যে পরিমাণ সৈন্য পাঠিয়েছে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশে আর কখনোই এত রুশ সেনা মোতায়েন হয়নি, বলছে নেটো। ইউক্রেইন সংকটের মধ্যে এই মহড়া ‘উত্তেজনা আরও বাড়াবে’ বলে যুক্তরাষ্ট্রও মনে করছে।

ইউক্রেইন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করলেও রাশিয়া শুরু থেকেই প্রতিবেশী দেশটিতে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়ে আসছে; তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই ধারণা মস্কো যে কোনো মুহুর্তে ইউক্রেইনে হামলা চালাবে।

এই সংকট নিরসনের লক্ষ্যে ইউরোপজুড়ে বৃহস্পতিবারও নানান কূটনৈতিক বৈঠক হবে বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বিবিসি।

৮ বছর আগে, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ করায়ত্ব করে নেয়।

এরপর থেকে ইউক্রেইনের পূর্বাঞ্চলেও তুমুল লড়াই চলছে, যা এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ওই এলাকার বিশাল অংশ এখন রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে।

বেলারুশে যে যৌথ মহড়া হতে যাচ্ছে তাতে প্রায় ৩০ হাজার রুশ সৈন্য অংশ নেবে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র।

২০২০ সালে নির্বাচন পরবর্তী সময়ে বেলারুশে তুমুল বিক্ষোভের পর অনেক পশ্চিমা দেশ লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচনে তার জয়কে স্বীকৃতি দিতে রাজি না হলেও ক্রেমলিন পাশে দাঁড়ানোয় তিনি সে যাত্রা উৎরে যান।

ক্রেমলিনের এক মুখপাত্র বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়াকে ‘গুরুত্বপূর্ণ’ অ্যাখ্যা দিয়েছেন। বলেছেন, রাশিয়া ও বেলারুশকে ‘নজিরবিহীন হুমকি মোকাবেলা করতে হচ্ছে’।

তবে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজভ বিবিসিকে বলেছেন, ইউক্রেইন সংকট নিয়ে বিদ্যমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাই সহায়ক হতে পারে বলে তার দেশ বিশ্বাস করে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, “আমরা যদি এই মহড়ার প্রস্তুতির দিকে তাকাই; আমরা ফের দেখবো, এটি উত্তেজনা বাড়ানোরই পদক্ষেপ, কমানোর নয়।”

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিরোধ মীমাংসায় নরম্যান্ডি কাঠামোর মধ্যে আলোচনা বৃহস্পতিবার থেকেও শুরু হতে পারে। এই কাঠামোতে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে আলোচনায় ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতা করার কথা।

ম্যাক্রোঁ বুধবার সাংবাদিকদের বলেছিলেন, রুশ বাহিনী সংকট আর বাড়াবে না বলে পুতিন তাকে আশ্বস্ত করেছেন। যদিও রাশিয়া পরে জানিয়েছে, তারা এ ধরনের কোনো প্রতিশ্রুতিই ফ্রান্সকে দেয়নি।

ফরাসি প্রেসিডেন্টের দুই দিনব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার কারণে সবার চোখই এখন তথাকথিত ‘মিনস্ক চুক্তির’ দিকে। ইউক্রেইনের পূর্বাঞ্চলের বিরোধ নিরসনে ২০১৪-১৫’র ওই চুক্তিতে ইউক্রেইন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির সমর্থন ছিল।

‘মিনস্ক চুক্তি’কে কাজে লাগিয়েই বিদ্যমান উত্তেজনা কমানো সম্ভব বলে ধারণা অনেক কূটনীতিকের।

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলাৎজ বার্লিনে বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে বসছেন বলেও জানিয়েছে বিবিসি।

“ইউরোপের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের কাজ; আমার বিশ্বাস, সেটা আমরা করতে পারবো,” বুধবার ডেনিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই বলেন শলাৎজ।

নেটো মিত্রদের প্রতি জোরাল সমর্থন দেখাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনেরও বৃহস্পতিবার ব্রাসেলস ও ওয়ারশ যাওয়ার কথা রয়েছে।

একইদিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও মস্কো যাচ্ছেন। তারা সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 

চার বছরের মধ্যে যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রাশিয়া সফরের আগে ট্রাস বলেছেন, রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেইনের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবেন এবং মস্কোকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাবেন।

ইউক্রেইনকে ঘিরে মস্কো নয় ‘অ্যাংলো-স্যাক্সন দেশগুলোই’ উত্তেজনা বাড়াচ্ছে বলে শুরু থেকেই বলে আসছে রাশিয়া। ক্রেমলিন ইউক্রেইন একটি রুশপন্থি সরকার বসানোর পরিকল্পনা করছে- লন্ডনের এমন অভিযোগকে ‘পাগলের প্রলাপ’ বলেও উড়িয়ে দিয়েছে তারা।