২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর দু’বছর পর মিলল বাড়ির চেয়ারে বসা ইতালীয় নারীর লাশ

ইতালির উত্তরাঞ্চলে ৭০ বছর বয়সী এক নারীর দেহ বাড়িতে চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে তার মৃত্যুর বছর দুয়েক পর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 11:21 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

লম্বার্ডি অঞ্চলে লেক কোমোর কাছের বাড়িতে একাই বাস করতেন মারিনেল্লা বেরেত্তা নামের ওই নারী। গত শুক্রবার কোমোর দমকল কর্তৃপক্ষ তার পচাগলা লাশ পায়।

বেরেত্তার বাড়ির বাগানে অযত্নে বেড়ে ওঠা গাছ বড় হয়ে ঝড়ে ভেঙে পড়ার অভিযোগ পেয়ে দমকল কর্মীরা বাড়িটিতে গিয়েছিল। বুধবার সিএনএন-কে একথা জানিয়েছেন কোমো সিটি হল প্রেসের কর্মকতা ফ্রান্সেসকা ম্যানফ্রেডি।

ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মারিনেল্লা বেরেত্তাকে তার প্রতিবেশীরা অন্তত আড়াইবছর ধরে দেখেনি। সোমবার স্কাই টিভি২৪ নিউজ চ্যানেল জানায়, বেরেত্তার দেহ বসার ঘরে চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে।

কোমো সিটি হল প্রেসের কর্মকতা ম্যানফ্রেডি সিএনএন-কে বলেছেন, কী কারণে বেরেত্তার মৃত্যু হল তা জানা যায়নি। দেহ পরীক্ষা করে বোঝা গেছে, তিনি ২০১৯ সালের শেষ দিকে কোনও একসময় মারা গেছেন।

ম্যানফ্রেডি আরও জানান, বেরেত্তার কোনও স্বজন এখন পর্যন্ত তার খোঁজে আসেননি। তার পরিবারের কেউ বেঁচে আছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। আপাতত বেরেত্তার দেহ রাখা হয়েছে মর্গে। তার শেষকৃত্যের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।

লেক কোমোর মেয়র মারিও ল্যান্ড্রিসসিনা শহরের অধিবাসীদেরকে বেরেত্তার শেষকৃত্যে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার তিনি ইতালিয়ান প্রেসকে বলেন, স্থানীয় সরকার শেষকৃত্য আয়োজনের বিষয়টি দেখবে।

“আমি সেখানে (শেষকৃত্য) থাকার চেষ্টা করব। শহরের বাসিন্দাদেরকেও আমি উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এখন সময় সবাই একত্রিত হওয়ার। এই নারীর কোনও স্বজন না থাকলেও আমরা তার স্বজন হতে পারি,” বলেন ল্যান্ড্রিসসিনা।

স্থানীয় নাগরিক সেবা সহায়তা যাদেরকে দেওয়া হয় সেই তালিকায় বেরেত্তার নাম ছিল না বলে জানিয়েছেন তিনি। বাড়ির ভেতরে এভাবে এক একা মরে পড়ে থাকার ঘটনায় ফেইসবুকে শোক প্রকাশ করেছেন ইতালির পরিবার বিষয়ক মন্ত্রী ইলিনা বনেত্তি।

তিনি লেখেন, “লেক কোমোয় মারিনেল্লা বেনেত্তার ভাগ্যে যা ঘটেছে, সেই বিস্মৃত একাকীত্ম আমাদের বিবেককে নাড়া দিয়েছে।” কাউকেই একা ফেলে রাখা উচিত না- তার (বেরেত্তা) জীবন থেকে এই শিক্ষাই সবার নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন বনেত্তি।

ইতালির জাতীয় একটি পরিসংখ্যান প্রতিষ্ঠানের ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ৭৫ এর কোঠায় বয়সের প্রায় ৪০ শতাংশ মানুষ একা বাস করে।