যুক্তরাষ্ট্র-কানাডার প্রধান সীমান্ত ক্রসিং অবরোধ ট্রাক চালকদের
কানাডার কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাক চালকরা দেশটির সঙ্গে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের প্রধান সীমান্ত ক্রসিং অবরোধ করে রেখেছে।
সোমবার তারা ব্যস্ততম এ ক্রসিংয়ের লেনগুলো অবরুদ্ধ করার পর মঙ্গলবারও স্থল বন্দরটির কার্যক্রম বন্ধ ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
কানাডার উইন্ডসর নগরীর পুলিশ এক টুইটে জানিয়েছে, অবরোধের কারণে প্রাথমিকভাবে উভয়মুখি যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরে যুক্তরাষ্ট্রমুখি লেনগুলোও খুলে দেওয়া হয়।
মঙ্গলবার রাতে কানাডার পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারীরা আলবার্টার কুটসের সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দিয়েছে। সেখানে উভয়মুখি যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে তারা।
এক সংবাদ সম্মেলনে কানাডার জননিরাপত্তামন্ত্রী মার্কো ম্যানডিচিনো জানিয়েছেন, অ্যাম্বাসেডর সেতু অবরোধ করা নিয়ে তিনি উইন্ডসরের মেয়র ও স্থানীয় আইনপ্রণেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
ডেট্রয়েট নদীর এই সেতুটি কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরকে যুক্ত করেছে।
“অ্যাম্বাসেডর সেতু দিয়ে পণ্য পরিবহন ও আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা কাজ করে যাব,” বলেছেন ম্যানডিচিনো।
কানাডার রপ্তানির ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়। অ্যাম্বাসেডর সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার ট্রাক দু’দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া করে।
এই সেতুর মালিকানা যাদের হাতে সেই ডেট্রয়েট ইন্টারন্যাশনাল ব্রিজ কর্পোরেশন চেয়ারম্যান ম্যাট মরুন এক বিবৃতিতে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা প্রতিফলিত করে এমনভাবে যতদ্রুত সম্ভব সেতুটি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ফের শুরু করা দরকার।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক চালকদের জন্য করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক করেছে কানাডার সরকার। সরকারি এ নির্দেশনার বিরোধিতা করে বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে ট্রাক চালকরা। সরকারকে দাবি মানাতে বাধ্য করতে ২৮ জানুয়ারি থেকে দেশের রাজধানী অটোয়ার সড়কগুলো অবরোধ করতে শুরু করে তারা। এতে রাজধানীর কেন্দ্রস্থল অচল হয়ে পড়ে।
রোববার রাত থেকে কয়েক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করে ও একটি তেলবাহী লরি সরিয়ে নিয়ে ধীরে ধীরে রাজধানীতে চলা অবরোধ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে পুলিশ।
মঙ্গলবার অটোয়ার ডেপুটি পুলিশ প্রধান স্টিভ বেল জানান, এই অবরোধে অংশ নেওয়া বহু ভারী যান অচল করে দিয়েছে পুলিশ। এখানে থাকা ৪১৮টি যানবাহনের এক চতুর্থাংশের মধ্যে শিশুরাও আছে। এই শীত, কোলাহল, কার্বন মনোক্সাইডের ঝুঁকির মধ্যে তাদের অবস্থান ও তাদের স্বাস্থ্যবিধান নিয়ে পুলিশ উদ্বিগ্ন।
