২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রায় ৫০ জন এমপি ‘কোভিডে আক্রান্ত’

ইরানের ২৯০ আসনের পার্লামেন্টের প্রায় ৫০ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে একজন জ্যেষ্ঠ এমপি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 07:24 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

পার্লামেন্টের চলতি সপ্তাহের অধিবেশন স্বাস্থ্যবিধি অনুযায়ী শুরু হবে বলে শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সঙ্গে সম্পর্কিত বার্তা সংস্থা ওয়াইজেসিকে জানিয়েছেন এমপি আলীরেজা সালিমি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত এপ্রিলে এমপিদের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর ইরানের পার্লামেন্টের অধিবেশন দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। মহামারীর প্রথমদিকে কোভিড-১৯ এ ভুগে বেশ কয়েকজন আইনপ্রণেতার মৃত্যু হয়।   

দেশজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচীর পর ইরানে কিছু দিনের জন্য নতুন কোভিড রোগীর সংখ্যা কমে এসেছিল। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করার পর আক্রান্তের সংখ্যা আবার বাড়তে দেখছে ইরান।

গত কিছু দিন ধরে দেশটিতে দৈনিক ৩০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় সেখানে ২৩ হাজার ১৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার দেশ ইরানের ৬৫ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং করোনাভাইরাসজনিত মৃত্যু এক লাখ ৩২ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত দেশটির পাঁচ কোটিরও বেশি মানুষ দুই ডোজ করোনাভাইরাস টিকা পেয়েছে এবং এক কোটি ৯০ লাখেরও বেশি মানুষ বুস্টার ডোজও পেয়েছে।