প্রধানমন্ত্রীকে ‘ভণ্ড ও মিথ্যাবাদী’ বলায় ক্ষমা চাইলেন উপপ্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ‘ভণ্ড ও মিথ্যাবাদী’ বলার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস।
শনিবার ন্যাশনাল পার্টির এ নেতা জানান, ক্ষমা চাওয়ার পাশাপাশি পদত্যাগেরও প্রস্তাব দিয়েছিলেন তিনি, যদিও মরিসন তার সে প্রস্তাবে রাজি হননি।
পরে এক বিবৃতিতে মরিসনও জয়েসকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মরিসনের জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টি; তার নেতা হওয়ার সুবাদেই ২০২১ সালে জয়েস উপপ্রধানমন্ত্রী হয়েছেন। মরিসন তাকে নিয়োগ দেননি।
সম্প্রতি ফাঁস হওয়া এক বার্তায় উপপ্রধানমন্ত্রীকে তিনি যে কখনোই মরিসনকে বিশ্বাস করতেন না, তা লিখতে দেখা গেছে।
“তিনি ভণ্ড ও মিথ্যাবাদী, দীর্ঘ সময় ধরেই এটা আমার পর্যবেক্ষণ,” গত বছর মরিসনের লিবারেল পার্টির সাবেক এক কর্মীকে লিখেছিলেন জয়েস; ওই কর্মী তার এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।
জয়েসের এই মন্তব্য মরিসনের রাজনৈতিক অবস্থানকে আরও নাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার এ প্রধানমন্ত্রীকে এ বছরের মে মাসের মধ্যেই ফেডারেল নির্বাচনের ডাক দিতে হচ্ছে।
ওমিক্রন ধরনের কারণে দেখা দেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তার ভূমিকা এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তার গ্রহণযোগ্যতাও অনেকখানি কমিয়েছে।
“আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করতে চাই। যেটা লিখেছিলাম, তা লেখা উচিত হয়নি আমার। ব্যাকবেঞ্চ থেকে আমি প্রধানমন্ত্রীকে যেমনটা দেখেছি, তা ছিল ধারণা ও মন্তব্য নির্ভর, পারস্পারিক কাজের সম্পর্ক থেকে নয়,” বলেছেন জয়েস।
তাকে নেতার পদ থেকে সরিয়ে দেওয়ার এখতিয়ার রাখা ন্যাশনাল পার্টি বলেছে, জয়েসের মন্তব্যের বাইরে তারা কিছু বলবে না।
আর মরিসন বলেছেন, “সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। রাজনীতিকরাও মানুষ। আমাদের সবারই খুঁত রয়েছে, কেউই নিখুঁত নই।”
