২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্যাম্পাসে ফিরছেন ছাত্রীরাও

আফগানিস্তানে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2022, 06:18 PM

Updated : 28 Apr 2022, 11:35 PM

বুধবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও তালেবান প্রশাসন থেকে এখনও নারী শিক্ষার্থীদের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে শিক্ষা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, নারী শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্ত হল, তাদের পুরুষ শিক্ষার্থীদের থেকে শারীরিকভাবে দূরে থাকতে হবে।

রয়টার্সের একজন প্রতিনিধি পূর্বের আফগান নগরী জালালাবাদের নিনগারহর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আলাদা ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেখেছেন।

আফগানিস্তানের বড় বিশ্ববিদ্যালয়গুলোর একটি নিনগারহর ইউনিভার্সিটি এ সপ্তাহে খুলে দেওয়া হয়।

কট্টর ইসলামপন্থি দল তালেবান ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবার যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিল, তখন তারা নারী ও মেয়ে শিশুদের শিক্ষার অধিকার থেকে কঠোরভাবে বঞ্চিত করেছিল।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে যাওয়ার পর গত বছর ১৫ অগাস্ট পুনরায় দেশটির ক্ষমতা দখল করে তালেবান। এরপর তারা বলেছে, এবার তারা তাদের নীতিতে কিছু পরিবর্তন আনবে। কিন্তু ঠিক কী কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু এখনও বলেনি।

এখনও অনেক প্রদেশে উচ্চমাধ্যমিক পড়ুয়া ছাত্রীদের স্কুলে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলেছে। কিন্তু বেশিরভাগ জায়গায় নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারছে না।

আন্তর্জাতিক মহল অবশ্য মেয়েদের শিক্ষা এবং নারীদের কাজের সুযোগ দিতে তালবান সরকারকে চাপ দিচ্ছে। বলছে, বিদেশি সাহায্য এবং বিদেশে জব্দ করা সম্পদ পেতে হলে এটা তাদের করতে হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের ফেরার সুযোগ দেওয়ায় প্রশংসা করেছে জাতিসংঘ।

আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পর মঙ্গলবার রাতে আফগানিস্তানে জাতিসংঘের মিশন থেকে এক টুইটে বলা হয়, ‘‘২ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নারী এবং পুরুষ সব শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে জাতিসংঘ তাকে স্বাগত জানাচ্ছে। প্রতিটি তরুণের জন্য সমানভাবে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

কীভাবে নারী শিক্ষার্থীরা ক্লাস করবেন সে বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ছাত্রীদেরকে ছাত্রদের কাছ থেকে আলাদা রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা বা আলাদা আলাদা সময়ে ক্লাস নেওয়ার কথাও বলা আছে।

নিনগারহর বিশ্ববিদ্যালয়ের প্রধান খালিল আহমদ ভুসাবল রয়টার্সকে বলেন, তারা ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করছেন। আফগানিস্তানের কয়েকটি প্রদেশে এরইমধ্যে এ ব্যবস্থা চালু হয়েছে।

আফগানিস্তানে অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় বুধবার থেকে সরকারি বিশ্ববিদ্যালয় খুলেছে। যেসব এলাকায় এখনও প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাত হয় সেখানে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে সরকারি বিশ্ববিদ্যালয় খুলবে। রাজধানী কাবুলও এর মধ্যে রয়েছে।