দুই কোভিড রোগী শনাক্ত, লকডাউনে যাচ্ছে টোঙ্গা
রাজধানী নুকু’য়ালোফায় দুইজনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গা।
সাম্প্রতিক অগ্ন্যুৎপাত ও সুনামির পর দেশটির যে বন্দর দিয়ে মানবিক ত্রাণ সাহায্য ঢুকছে, সেই বন্দরেই ওই দুই কোভিড রোগী মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সিয়াওসি সোভালেনি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি এতদিন ভাইরাসমুক্তই ছিল;মহামারী শুরুর পর গত বছরের অক্টোবরে প্রথম দেশটিতে একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এরপর মঙ্গলবারই সোভালেনি নতুন ২ কোভিড রোগী শনাক্তের কথা জানালেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ভাইরাসের প্রবেশ ঠেকাতে টোঙ্গা এখন পর্যন্ত সাহায্য দিতে আসা অন্য দেশের কর্মীদের সংস্পর্শ এড়িয়েই সব ত্রাণসমগ্রী গ্রহণের নীতিমালা অনুসরণ করছে।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সোভালেনি বলেন, টোঙ্গা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে লকডাউনে যাচ্ছে। ৪৮ ঘণ্টা পরপর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে।
“এক দ্বীপ থেকে অন্য দ্বীপে কোনো নৌকা যাবে না। অভ্যন্তরীণ পর্যায়ে কোনো বিমানও চলবে না,” বলেছেন তিনি।
মহামারী শুরুর পর এখন পর্যন্ত বিশ্বের যে কয়েকটি দেশ কোভিডের ছোবল থেকে তুলনামূলক অক্ষত আছে, টোঙ্গা তার একটি। জানুয়ারিতে অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামির ধ্বংসযজ্ঞের পর দেশটি অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর ওপর খাওয়ার পানি এবং আশ্রয় ও উদ্ধার তৎপরতা চালানোর উপকরণের জন্য নির্ভরশীল হয়ে পড়ে।
ভাইরাস তীরে আটকে রাখতে টোঙ্গার কর্তৃপক্ষ শুরু থেকেই ‘সংস্পর্শবিহীন উপায়ে’ বিদেশি সাহায্য নেওয়ার কঠোর নীতিমালা অনুসরণ করে আসছিল। তীরে পৌঁছানো সব সাহায্য ৭২ ঘণ্টা ‘আইসোলেশনেও’ ফেলে রাখছিল তারা, এরপরই টোঙ্গার লোকজন সেসব সাহায্যে হাত দেওয়ার অনুমতি পাচ্ছিল।
ত্রাণ নিয়ে টোঙ্গার পথে রওনা হওয়ার আগে অস্ট্রেলিয়ার ব্রিসবেন বন্দরে যুদ্ধজাহাজ এইচএমএএস অ্যাডিলেড। ছবি: অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়/রয়টার্স
দ্বীপদেশটির নতুন যে দুইজনের দেহে কোভিড ধরা পড়েছে তার সঙ্গে অস্ট্রেলিয়ার ওই জাহাজের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সোভালেনি তা জানাননি।
এক লাখ ৬ হাজার জনসংখ্যার টোঙ্গার ৬০ শতাংশ নাগরিকই ইতিমধ্যে কোভিড টিকার দুই ডোজ পেয়ে গেছেন। তবে দেশটির দুর্গম কিছু এলাকায় স্বাস্থ্যসেবার অবস্থা নাজুক হওয়ায় ভাইরাস সেখানকার মানুষজনের জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে হাজির হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
