২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপ্রদেশ নির্বাচন: অযোধ্যা নয়, গোরক্ষপুর থেকেই লড়বেন যোগী আদিত্যনাথ

ভারতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অযোধ্যা বা মথুরা নয়, জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত গোরক্ষপুর কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি’র বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 07:25 PM

Updated : 28 Apr 2022, 11:28 PM

কয়েক দিন ধরেই জল্পনা চলছিল হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগাতে আদিত্যনাথ এবার নিজের কেন্দ্র ছেড়ে অন্য কোনও আসন থেকে নির্বাচনে লড়তে পারেন।

জোরালোভাবে উঠে এসেছিল অযোধ্যা ও মথুরার নাম। তবে শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থীদের নামের যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে গোরক্ষপুর থেকেই লড়বেন আদিত্যনাথ।

উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন হবে । প্রথম দফার ভোট হবে ১০ ফেব্রুয়ারি। বিজেপি প্রার্থীদের প্রথম প্রকাশিত তালিকায় ৯৫ জন প্রার্থীর নাম রয়েছে।

 প্রথম ও দ্বিতীয় দফার ভোটের বেশিরভাগ প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সবার নজর ছিল আদিত্যনাথের কেন্দ্রের দিকে। তারপরও আদিত্যনাথ গোরক্ষপুর বিধানসভা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

এই কেন্দ্রে ষষ্ঠ দফায় ৩ মার্চ ভোট হবে বলে জানিয়েছে এনডিটিভি। গোরক্ষপুর (শহর) থেকেই টানা পাঁচবার লোকসভা নির্বাচনে জয় পেয়ে এসেছেন যোগী। এটিকে তার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

তাই অন্য কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার ঝুঁকি নিচ্ছেন না আদিত্যনাথ। ঝুঁকি নিচ্ছে না শাসক বিজেপিও। ইউনিয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের বলেন,সিদ্ধান্তটি পার্টির সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হয়েছে।

“যোগীজি বলেছেন, ‘আমি পার্টির সিদ্ধান্তে যে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব’, এইটা হল পার্টির সিদ্ধান্ত”, বলেন ওই মন্ত্রী।

এ সিদ্ধন্তে যোগীও স্বস্তি প্রকাশ করে বলেছেন, “আমাকে গোরক্ষপুরের প্রার্থী হিসেবে বাছাই করার জন্য আমি প্রধানমন্ত্রী, বিজেপি প্রধান জেপি নাড্ডা এবং বিজেপি’র কেন্দ্রীয় সংসদীয় কমিটির কাছে কৃতজ্ঞ।”