২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনায় চীন

ইরানের উপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশটির সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার ঘোষণা দিয়েছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jan 2022, 11:52 PM

Updated : 28 Apr 2022, 11:27 PM

চীনের জিয়াংসু প্রদেশের উইশি নগরীতে শুক্রবার চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে শনিবার চীনের পররাষ্ট্র ওয়াং ইর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরআব্দল্লাহিয়ানের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ২০১৫ সালে বিশ্ব শক্তির সঙ্গে হওয়া ইরানের পরামণু চুক্তি পুনরূজ্জীবিত করার কথা বলেন।

ওয়াং চীনের স্টেট কাউন্সিলরের দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরান পরমাণু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইরানের সঙ্গে বর্তমানে যেসব সমস্যা হচ্ছে সেটার দায়ও তাই প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তায়।

ইরান পরমাণু চুক্তি ‍অনুযায়ী, তেহরান তাদের পরমাণু সমৃদ্ধিকরণ সীমিত করবে। বিনিময়ে ইরানের উপর থেকে ক্রমে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ওই চুক্তির মাধ্যমে বিশ্ব শক্তি ইরানের পরমাণু অস্ত্র তৈরি কাজে বাধা দিতে চাইছিল। যদিও ইরানের দাবি, সামরিক কোনো উদ্দেশে তারা পরমাণু সমৃদ্ধি করছে না।

ওয়াং বলেন, ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনায় চীন দৃঢ়ভাবে সমর্থন করবে। একইসঙ্গে চীন ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ, মানবাধিকার রক্ষার নামে ইরানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং ইরানের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর বিষয়েও দৃঢ়ভাবে বিরোধিতা করে।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরান পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে নতুন ভাবে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তার বছরখানে পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের গতি বাড়িয়ে পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করে।

ইরান এবং চীন উভয় দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যু্ক্তরাষ্ট্রের শত্রু এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব দিন দিন গাঢ় হচ্ছে।

গত মার্চে চীন এবং ইরান ২৫ বছরের জন্য একটি সহযোগিতা চুক্তি সই করে। ওই চুক্তির অধিনে ইরান চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র অংশ হয়েছে। লাখো কোটি ডলারের ওই প্রকল্পের মাধ্যমে চীন পূর্ব এশিয়ার সঙ্গে ইউরোপকে সড়কপথে ‍জুড়তে চাইছে।

যার মাধ্যমে চীনের অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রভাব উভয়েরই বিস্তার হবে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিনো-ইরানিয়ান চুক্তির মাধ্যমে জ্বালানি, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য সেবা, সংস্কৃতি এবং সাইবার নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। এই চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে দুই দেশের সহযোগিতার সম্পর্কও বাড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে এই সপ্তাহেই ওয়াং আরো কয়েকটি গল্ফ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই দেশগুলো ইরানকে ওই অঞ্চলের জন্য হুমকি বলে মনে করে। তারা চীনের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছেন।