পোল্যান্ডে করোনাভাইরাসে মৃত্যু লাখ ছাড়িয়েছে
মহামারীর চতুর্থ ঢেউয়ে হিমশিম খাওয়া পোল্যান্ডে করোনাভাইরাসজনিত মৃত্যু এক লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
গত সপ্তাহে প্রতি এক লাখ বাসিন্দা অনুপাতে কোভিডে মৃত্যু হারে বিশ্বের দেশগুলোর মধ্যে পোল্যান্ড উপরের দিকেই ছিল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, ওই সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় প্রতি লাখ বাসিন্দা অনুপাতে কোভিডে মৃত্যু ছিল ৩৪ ও ৩৮-র কাছাকাছি; আর পোল্যান্ডে ছিল ৫৭-র বেশি।
“একে আরেকটি দুঃখজনক দিন বলতে পারি আমরা, এটা আরও বিশেষ কেননা আমরা কোভিডে মৃত্যু এক লাখ অতিক্রম করেছি,” সম্প্রচারমাধ্যম টিভিএন টোয়েন্টিফোরকে পোলিশ স্বাস্থ্যমন্ত্রী আদম নিয়েজিলস্কি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক দিনগুলোতে কোভিড শনাক্তে ধারাবাহিক ঊর্ধ্বগতিতে খাবি খেতে হচ্ছে পোল্যান্ডকে, তবে দেশটিতে ওমিক্রনের দাপট খুব একটা দেখা যাচ্ছে না। সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে ইউরোপের এ দেশ ডিসেম্বরে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করেছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমান, পোল্যান্ডে এখন প্রতিদিন যত কোভিড রোগী শনাক্ত হচ্ছে, তার ৭ থেকে ৮ শতাংশ ওমিক্রনে আক্রান্ত।
ডিসেম্বরের শেষদিকে পোল্যান্ড একদিনে কোভিডজনিত ৭৯৪ মৃত্যু দেখেছে; মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে একদিনে কোভিডে সর্বোচ্চ মৃত্যু ছিল ৯৫৪। গত বছরের এপ্রিলে এই ‘দুঃখজনক দিন’ দেখেছিল তারা।
